‘আব্দুল্লাহ তাহেরের কারণেই ১১, দলীয় জোট হেরেছে’—এমন বক্তব্য দেননি মামুনুল হক

‘আব্দুল্লাহ তাহেরের কারণেই ১১, দলীয় জোট হেরেছে’ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে এমন বক্তব্য দিয়েছেন দাবি করে কয়েকটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।
প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, টেলিভিশন চ্যানেল দেশটিভির অনুকরণে ‘দেশের টিভি’ নামে একটি পেইজ থেকে ছবিটি প্রথম পোস্ট করা হয়েছে। ফটোকার্ডটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ছবি পাশাপাশি ব্যবহার করে নীচেই দাবিটি বসানো হয়েছে। এছাড়াও দেশচিত্র নামে ভিন্ন একটি পেইজ থেকেও দাবিটি পোস্ট করা হয়েছে। যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত দাবিটি বিশ্বাস করে পোস্ট গুলোতে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকে। যেমন: আলমগীর হোসেন মিলন নামে একজন লিখেছেন, ‘আপনি একজন বড় হক্কানি কওমি মাদ্রাসার আলেম হয়ে রাজাকারের সাথে ঐক্য হয়েছেন এইজন্য হেরে গেলেন।’
তবে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম গুলোতে দাবিটির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা মামুনুল হকে অফিশিয়াল প্রোফাইলেও এসম্পর্কিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সুতরাং, ‘আব্দুল্লাহ তাহেরের কারণেই ১১, দলীয় জোট হেরেছে’ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এমন অভিযোগ করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এ ধরনের কোনো বক্তব্য দেননি তিনি।