এনসিপি নেতাদের গাড়িতে এলাকাবাসীর হামলা দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

‘এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সারজিস আলমের গাড়িবহরে হামলা করেছে এলাকাবাসী।’ এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ধরনের কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং এক শিশু হত্যাকাণ্ডে অভিযুক্তকে আটক করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার ভিডিও এটি।
প্রচারিত ভিডিওটির একাধিক গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Channel 52 News’ নামে একটি পেজে গত ১৬ জুলাই পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। উল্লিখিত ভিডিওটির সঙ্গে এনসিপি নেতাদের ওপর হামলা দাবিতে প্রচারিত ভিডিওটি হুবহু মিলে যায়। এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করেও একই ধরনের ভিডিও একাধিক ফেসবুক পেজ ও প্রোফাইলে পাওয়া গেছে।
এছাড়াও দেশের একাধিক প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে ঘটনাটির ভিডিওসহ প্রতিবেদন প্রচার করা হয়েছে। দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফেসবুক পোস্ট এবং সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৬ জুন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ভুট্টাক্ষেত থেকে নন্দিনী রানী (৭) নামে এক শিশু বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহ সেখানে মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় মূল অভিযুক্তকে আটকের পর তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি লালমনিরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আদিতমারি উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ভাঙচুর করে। ভিডিওটি মূলত সেই ঘটনার।
অন্যদিকে, প্রচারিত দাবিটি বা ‘এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমের গাড়ি বহরে হামলা’ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে একটি সংবাদ পাওয়া গেছে। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত বছরের মে মাসে সংগঠিত সে ঘটনার সঙ্গে প্রচারিত ভিডিওটির কোনো মিল পাওয়া যায়নি।
অর্থাৎ, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে এলাকাবাসীর হামলা দাবিতে প্রচারিত ভিডিওটি শিশু হত্যাকাণ্ডে অভিযুক্তকে আটক করতে গিয়ে ঘটে যাওয়া ঘটনার। ভিন্ন ঘটনার এক মাস পুরোনো ভিডিওটি সম্প্রতি হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে এলাকাবাসীর হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা।
.png)





