প্রধানমন্ত্রীকে খামেনির সঙ্গে তুলনা করে ছাত্রদল নেতা আবিদের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

‘খামেনির চেয়েও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অধিক সাহসী নেতা।’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এমন মন্তব্য করেছেন দাবিতে বেশকিছু ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে ।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে বেশকিছু ফটোকার্ড এবং লেখা পোস্ট করে দাবিটি ছড়ানো হয়েছে। আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়— ‘জীবন বাংলা নিউজ’ এবং ‘ন্যাশনাল পলিটিক্স’ নামে পেজ দুটি থেকে কাছাকাছি সময়ে দাবিটি পোস্ট করা হয়েছে।
সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘জীবন বাংলা নিউজ’ নামে পেজে উল্লিখিত পোস্টটিতে ৪৪ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি সাড়ে ৬ হাজারের বেশি মন্তব্য পড়েছে। অন্যদিকে ‘ন্যাশনাল পলিটিক্স’ নামের পেজে পোস্টটিতে ২ লাখ ২৭ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। এছাড়াও ৪০ হাজারের বেশি মন্তব্যের পাশাপাশি ২ হাজার ৬ শতাধিকবার শেয়ার হতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন পেজ এবং গ্রুপে দাবিটি শতাধিকবার শেয়ার হতে দেখা গেছে।
তবে এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে দাবিটির পক্ষে যায় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও কয়েকটি পোস্টে দাবির সূত্র হিসেবে ইউটিউবের কথা জানানো হয়েছে। তবে ইউটিউব এবং ফেসবুকে দাবি সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
অর্থাৎ, ‘খামেনির চেয়েও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অধিক সাহসী নেতা।’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এমন মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এ ধরনের কোনো মন্তব্য করেননি তিনি।