logo

চাইলেও আওয়ামী লীগকে আটকাতে পারব না এমন কথা বলেননি মির্জা ফখরুল

চাইলেও আওয়ামী লীগকে আটকাতে পারব না এমন কথা বলেননি মির্জা ফখরুল

‘আওয়ামী লীগ দল বাংলাদেশের অন‍্যতম বৃহত্তম দল, আওয়ামী লীগ ফিরবেই আমরা চাইলেও আওয়ামী লীগকে আটকাতে পারব না। এটাই হচ্ছে বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে।’ বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্য দিয়েছেন দাবিতে একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, প্রভাতকণ্ঠ নামে একটি পেজ থেকে সর্বপ্রথম (২২ এপ্রিল) দাবিটি পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দাবি করে উল্লেখ করা হয়েছে, ‘চাইলেও আওয়ামী লীগকে আমরা আটকাতে পারব না। বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ। তারা ফিরবে। এই বাস্তবতা মেনে নিতে হবে। দিলরুবা নিউজ পয়েন্ট নামে একটি পেজে এ সম্পর্কিত একটি পোস্টে ১২ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি দেড় হাজারের বেশিবার শেয়ার হতে দেখা গেছে। 

এ ছাড়াও একই দাবিতে ভিন্ন ভিন্ন বেশকিছু পেজ থেকে ফটোকার্ড পোস্ট করতে দেখা গেছে। প্রচারিত পোস্টগুলোতে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে নেটিজেনদের অনেককে। যেমন—এতটিভ নিউজ নামে একটি পেজে দাবিটি পোস্ট করা হলে, সেখানে হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি, শতাধিক মন্তব্য পড়েছে। সেখানে রমজান নামে একজন লিখেছেন, ‘ঠিক কথা বলেছেন ভাই। সত্যি কথা বলার জন্য ধন্যবাদ জানাই। এই বাংলাদেশে আওয়ামী লীগের বর্তমানে ৬০ শতাংশ মানুষের সমর্থন আছে।’

তবে দাবিটির সাথে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম গুলোতে দাবিটির প্রমাণিত হয় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষত, ইউটিউব এবং ফেসবুকে সম্পর্কিত কী-ওয়ার্ড ধরে সার্চ করেও মির্জা ফখরুলের এধরনের বক্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভ্যারিফায়েড ফেসবুক পেজে সার্চ করে বক্তব্যটির সত্যতা পাওয়া যায়নি। 

অর্থ্যাৎ, ‘আওয়ামী লীগ দল বাংলাদেশের অন‍্যতম বৃহত্তম দল, আওয়ামী লীগ ফিরবেই আমরা চাইলেও আওয়ামী লীগকে আটকাতে পারব না। এটাই হচ্ছে বাস্তবতা, সবাইকে মেনে নিতে হবে’ বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্য দিয়েছেন দাবিতে ছড়ানো ফটোকার্ডগুলো ভুয়া। এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি।