বাংলাদেশে জঙ্গি কার্যক্রম দাবিতে প্রচার হচ্ছে ফিলিপাইনে ঈদ উদযাপনের ভিডিও

‘তিনি খেপেছেন-জুমার খুতবায় রাজাকার উচ্চারণ করায়। এই নেতা কোন দলের হতে পারে?’ ‘দেশের প্রশাসন যখন আওয়ামী লীগ নিধনে ব্যস্ত কখন জঙ্গিরা তো মাথা চাড়া দেবেই’ এ ধরনের ক্যাপশনে আরব্য পোশাক পরিধান করা একজন ব্যক্তির গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সত্য নয়। বরং প্রচারিত ভিডিওটি বাংলাদেশেরই নয়।
প্রচারিত ভিডিওটিতে দেখা গেছে, একজন ব্যক্তি গুলি চালাতে চালাতে একটি মসজিদের মতো স্থাপনার দিকে হেঁটে যাচ্ছেন। তার শরীরে আরব অঞ্চলের ঐতিহ্যবাহী সাদা রঙের লম্বা আলখাল্লা বা থোব পরিহিত এবং মাথায় আরবীয় কাপড়ের পাগড়ি বা ঘুতরা জড়ানো রয়েছে। ফেসবুকে মো. জসিম উদ্দিন নামে একটি প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটির মূল ফ্রেমের মধ্যে লেখা হয়েছে,‘দেশের প্রশাসন যখন আওয়ামী লীগ নিধনে ব্যস্ত কখন জঙ্গিরা তো মাথা চাড়া দেবেই’।
তবে প্রচারিত ভিডিওটির গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে এর সঙ্গে হুবহু মিলে যায় এমন একটি পোস্ট পাওয়া যায়। ‘আদম দাউদ’ নামে ফিলিপাইন থেকে পরিচালিত প্রোফাইলটি থেকে ভিডিওটি গত ২২ মার্চপোস্ট করা হয়েছে। পোস্টটির ক্যাপশনে ইংরেজি অক্ষরে লেখা ‘Maglami lami??’। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সামা-বাজাউ ও সুলুক ভাষায় ‘Maglami-lami’ বলতে মূলত ‘আনন্দ-উৎসব করা’, ‘পার্টি করা’ বা ‘একত্রিত হয়ে হুল্লোড় করা’ বোঝায়।
অন্যদিকে, পোস্টটির ক্যাপশনে একাধিক ঈদ মোবারক হ্যাশট্যাগ দেওয়া হয়েছে। প্রোফাইলটি পর্যবেক্ষণ করলে ২১ মার্চ এবং আশপাশের দিনগুলোতে একই স্থানে ভিন্ন ব্যক্তিআরওকয়েকটি পোস্ট করা হয়েছে।
অর্থ্যাৎ, ‘দেশের প্রশাসন যখন আওয়ামী লীগ নিধনে ব্যস্ত কখন জঙ্গিরা তো মাথা চাড়া দেবেই’ এমন ক্যাপশনে দেশে জঙ্গি কার্যক্রম দাবিতে প্রচারিত ভিডিওটি আসলে বাংলাদেশের নয়। ফিলিপাইনে ঈদ উপযাপনের ভিডিওকে বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।