logo

নাসার আর্টেমিস-২ থেকে পাঠানো পৃথিবীর ছবি দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার

নাসার আর্টেমিস-২ থেকে পাঠানো পৃথিবীর ছবি দাবিতে এআই জেনারেটেড ছবি প্রচার

“আর্টেমিস-২ থেকে পাঠানো ছবি, চাঁদের কাছ  থেকে তোলা পৃথিবীর ছবি” নাসার আর্টেমিস-২ মিশনের মহাকাশযান ওরিয়ন থেকে পাঠানো ছবি দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত ছবিটি নাসার আর্টেমিস-২ মিশনের মহাকাশযান ওরিয়ন থেকে পাঠানো ছবি নয়। এআইর সহায়তায় তৈরি ছবিটি আর্টেমিস-২ এর বলে ভুয়া দাবিতে ছড়ানো হচ্ছে। 

প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে জানা গেছে, স্পেস এক্সপ্লোর নামে যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত একটি ফেসবুক গ্রুপে ছবিটি সর্বপ্রথম (৪ এপ্রিল রাতে) পোস্ট করা হয়। পোস্টটিতে ইংরেজিতে লেখা  ক্যাপশনে দাবি করা ৫১ মিনিট আগে আমাদের পৃথিবী এবং চাঁদ। বাংলাভাষায় একই দাবিতে ছবিটি বেশকিছু প্রোফাইল থেকে পোস্ট করতে দেখা গেছে। যেমন: তোফাজ্জেল হোসেন নামে একটি প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করা হলে এতে ৮ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি শতাধিক বার শেয়ার হতে দেখা গেছে। এছাড়াও পোস্টটিতে ২ শতাধিক মন্তব্য পড়েছে, যেখানে দাবিটি বিশ্বাস করে মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের অনেককে। 

তবে প্রচারিত ছবিটি একাধিক এআই কন্টেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করে জানা গেছে, ছবিটি এআইর সহায়তায় তৈরি। আনডিটেক্টএভল এআই ছবিটির ৬৯ শতাংশই এআই হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে গুগলের এআই কন্টেন্ট শনাক্তকরণ সাইট সিন্থআইডিতে ছবিটি ডিজিটালি সম্পাদনা করা হয়েছে বলে জানিয়েছে, তবে গুগল এআই ব্যবহার করে তৈরি হয়নি তা নিশ্চিত করেছে। 

এছাড়াও নাসার ওয়েবসাইটে প্রকাশিত ছবিগুলোর সঙ্গে যাচাই করে প্রচারিত ছবিটির সঙ্গে মিলে এমন কোনো ছবি সেখানে পাওয়া যায়নি। 

অর্থাৎ, নাসার আর্টেমিস-২ মিশনের মহাকাশযান ওরিয়ন থেকে পাঠানো ছবি দাবিতে প্রচারিত ছবিটি এআইর সহায়তায় তৈরি।