logo

টিকটকারদের বানানো ভিডিও খুলনায় বৈষম্যবিরোধীদের নষ্টামি দাবিতে প্রচার

টিকটকারদের বানানো ভিডিও খুলনায় বৈষম্যবিরোধীদের নষ্টামি দাবিতে প্রচার
টিকটকারদের বানানো ভিডিও বৈষম্যবিরোধীদের নষ্টামি দাবিতে প্রচার। ছবি : সংগৃহীত

‘অ'বৈধ দখলদার, খু'নী ইউনুসের রেখে যাওয়া জুলাই স'ন্ত্রা'সীদের চাঁ'দাবা'জির টাকায় আনন্দ ভ্রমণের নামে ন'ষ্টামি দেখুন!’ এ ধরনের ক্যাপশনে কয়েকজন তরুণ-তরুণীর নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওটি মূলত টিকটক কন্টেন্ট বানানো তরুণ-তরুণীদের।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্য ক্রাক টিম নামে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি পেজ থেকে দাবিটি সর্বপ্রথম (১৫ মে, রাত ৮টায়) পোস্ট করা হয়েছে। এতে ভিডিওটির ফ্রেমে লেখায় দাবি করা হচ্ছে, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার আনন্দ ভ্রমণকালীন হোটেল রুমের গোপন ভিডিও ফাঁস!’। এ ছাড়া পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, ‘অ'বৈধ দখলদার, খু'নী ইউনুসের রেখে যাওয়া জুলাই স'ন্ত্রা'সীদের চাঁ'দাবা'জির টাকায় আনন্দ ভ্রমণের নামে ন'ষ্টামি দেখুন!’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি উল্লিখিত পেজ থেকে ৭ লক্ষাধিক বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে সাড়ে ৫ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি তিন শতাধিক মন্তব্য পড়েছে। দাবিটি বিশ্বাস করে সাধারণ পেজ এবং প্রোফাইলের পাশাপাশি বিএনপি সংশ্লিষ্ট বিভিন্ন পেজেও পোস্ট করতে দেখা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী রসুলপুর যুবদল নামে একটি পেজে ভিডিওটির পোস্টে মো. শাহজাহান নামে একজন মন্তব্য করেছেন, ‘এরা তো পড়ালেখার নাম করে নিজের নাম কলঙ্ক করতেছে, এবং মা বাবার নাম ও ডুবাইতেছে, এদেরকে জুলাই যোদ্ধা বললে ভুল হবে জুলাই কি পুঁজি করেন, এসব বেলাল্লাপনা বেহায়া গিরি করতেছে।’ আলা উদ্দিন নামে ভিন্ন এক নেটিজেন ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘দেখুন, নস্টামি কাকে বলে।। এসব বৈধতা দিয়েছে জুলাই সনদে ৮৪ নং ধারায়,,,,। এবার বুঝেন কি হবে এ সমাজের??’

তবে প্রচারিত ভিডিওটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘রাজ ভাই ০০৭’ নামে একটি পেজে হুবহু ভিডিওটি এবং (আর্কাইভ) পাওয়া গেছে। আলোচিত ভিডিওটি উল্লিখিত পেজে গত ১৫ মে দুপুর ১টা বেজে ১৬ মিনিটে পোস্ট করা হয়। পেজটিতে আলোচিত ভিডিওটির সঙ্গে মিলে যায় এমন শতাধিক ভিডিও পোস্ট পাওয়া যায়। এরমধ্যে কিছৃু পোস্টে চট্টগ্রাম এবং কক্সবাজারের লোকেশন দেওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন পোস্টের ক্যাপশনে তারা নিজেদের টিকটকার হিসেবে পরিচয় দিতে দেখা গেছে।

অর্থাৎ, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর শাখার আনন্দ ভ্রমণকালীন হোটেল রুমের গোপন ভিডিও ফাঁস!’ এবং ‘জুলাই স'ন্ত্রা'সীদের চাঁ'দাবা'জির টাকায় আনন্দভ্রমণ’ দাবিতে প্রচারিত ভিডিওটি আসলে একটি টিকটকার গ্রুপের বানানো ভিডিও। তাদের কন্টেন্ট ডাউনলোড করে ‘চাঁদাবাজির টাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর শাখার আনন্দভ্রমণ’ দাবিতে অপপ্রচার করা হচ্ছে।