logo

নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রেপ্তার হয়েছেন দাবি করে পুরোনো ভিডিও প্রচার

নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রেপ্তার হয়েছেন দাবি করে পুরোনো ভিডিও প্রচার

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রেপ্তার হয়েছেন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। 

এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং ভোটকেন্দ্রে তার উপর হামলার ঘটনার পরে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধারের ভিডিও প্রচার করে দাবিটি ছড়ানো হচ্ছে।

প্রচারিত ভিডিওটিতে এনডিসি নামে লোগোযুক্ত ২৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে দাবিটি ছড়ানো হচ্ছে। ফেসবুকে বেশকিছু পেজ এবং প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। এর মধ্যে রবিউল ইসলাম আলমগীর নামে একটি প্রোফাইল থেকে পোস্ট করা ভিডিওটিতে হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৫ শতাধিকবার শেয়ার হতে দেখা গেছে। 

তবে ভিডিওটির কি-ফ্রেম বিশ্লেষণ করে দেখা গেছে, গ্রেপ্তার দাবিতে প্রচারিত ভিডিওটির সঙ্গে এনডিসি নামে একটি পেজ থেকে  ১২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে পোস্ট করা একাধিক ভিডিওর মিল পাওয়া যায়। এতে প্রচারিত ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘‘ভোটকেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারী উপর হা’ম’লা করে বের করে দিলেন!” এছাড়াও সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যমগুলোর খবরেও ঘটনাটি ১২ ফেব্রুয়ারির বলে নিশ্চিত হওয়া গেছে। 

অন্যদিকে গ্রেপ্তার সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে তাকে আদালতে হাজির হতে সমন সংক্রান্ত সংবাদ পাওয়া যায়। তবে গ্রেপ্তার সংক্রান্ত কোনো সংবাদ দেশের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমগুলোতে পাওয়া যায়নি। 

অর্থাৎ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গ্রেপ্তার হয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো এবং ভোটকেন্দ্রে হামলার পর তাকে উদ্ধারের ভিডিও প্রচার করে দাবিটি ছড়ানো হচ্ছে।