শেখ হাসিনার ফাঁসির রায় স্থগিত হয়েছে দাবিতে ফেসবুকে গুজব প্রচার

‘অবশেষে শেখ হাসিনার ফাঁসির রায় স্থগিত, ডিসেম্বরের আগেই আওয়ামী লীগের বিজয় শুরু’ এ ধরনের ক্যাপশনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালানো হয়েছে। একই ধরনের কিছু পোস্টে দাবি করা হচ্ছে, ‘আইসিটি আদালতের রায় আন্তর্জাতিক অঙ্গনে যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য ফাঁসির রায় স্থগিত হতে যাচ্ছে!’
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দেন শেখ হাসিনা। এর আগে গত বছরের ১৭ নভেম্বর ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশী-বিদেশী কোনো সংবাদমাধ্যমে রায় স্থগিত করা প্রসঙ্গে কোনো সংবাদ পাওয়া যায়নি। আলোচ্য ফেসবুক পোস্ট গুলো ছাড়া দাবিটির পক্ষে কোনো ধরনের তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
অর্থাৎ, শেখ হাসিনার ফাঁসির রায় স্থগিত করার দাবিটি ভুয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত সময়ে রায়ের বিরুদ্ধে আপিল না করায় তার দণ্ড এখন চূড়ান্ত ও অপরিবর্তনীয়।
.png)





