‘এনসিপিকে কোনো রাজনৈতিক দল হিসেবে দেখি না’—এমন বক্তব্য দেননি মির্জা ফখরুল

‘এনসিপি দলকে আমি কোনো রাজনৈতিক দল হিসেবে দেখি না’—বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলামগীর এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। এমন মন্তব্য করেননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছবিটি পোস্ট করতে দেখা গেছে। প্রচারিত ছবিটির উপরের দিকে ‘সর্বশেষ সংবাদ’ দাবি করে বিএনপি মহাসচিবের ছবি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় লোগো ব্যবহার করা হয়েছে। এতে মাঝামাঝি জায়গায় ‘জনমত নিউজ-২৪’ নামে একটি লোগো বসিয়ে উল্লিখিত দাবিটি তার নিচেই দেওয়া হয়েছে।
মির্জা ফখরুলের বক্তব্য দাবি করে এতে লেখা হয়েছে, ‘এনসিপি দলকে আমি কোনো রাজনৈতিক দল হিসেবে দেখি না: মির্জা ফকরুল’। ছড়িয়ে পড়া ছবিটিতে সংবাদমাধ্যমের অনুকরণে ‘বিস্তারিত কমেন্টে’ উল্লেখ করে এতে ‘জনমত নিউজ-২৪’ নামে একটি ওয়েব ঠিকানা ব্যবহার করা হয়েছে। তবে সার্চ করে এ ধরনের কোনো ওয়েবসাইট কিংবা সংবাদমাধ্যম খুঁজে পাওয়া যায়নি।
এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যমগুলোতে দাবিটির পক্ষে যায় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করেও দাবিটির পক্ষে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
তবে ভারতীয় সংবাদ মাধ্যম ‘এই সময়’ সূত্রে মির্জা ফখরুল ইসলামের একটি সাক্ষাৎকারের তথ্য পাওয়া যায়। সেখানে তিনি বলেছেন ‘এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই মনে করি না’। সাক্ষাৎকারটিতে জামায়াত, এনসিপি, জাতীয় নির্বাচনসহ একাধিক বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়। তখন বিএনপির পক্ষ থেকে সাক্ষাৎকারে বক্তব্যের বিকৃত করা হয়েছে দাবি করা হয়।
সেসময় ২০২৫ সালের (২৩ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘তিনি যুক্তরাষ্ট্র সফরে থাকা মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকারের বিষয়ে যোগাযোগ করেছেন। মির্জা ফখরুল জানিয়েছেন, এই সময়ে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ ধরনের বক্তব্য দেননি।’
অর্থাৎ, ‘এনসিপিকে আমি কোনো রাজনৈতিক দল হিসেবে দেখি না’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য দিয়েছেন দাবি করে প্রচারিত বক্তব্যটি ভুয়া। এ ধরনের কোনো বক্তব্য দেননি তিনি।