logo

ছাত্রদল নেতা হামিমকে শিবির সংশ্লিষ্টতার জন্য শোকজ দাবিতে অপপ্রচার

ছাত্রদল নেতা হামিমকে শিবির সংশ্লিষ্টতার জন্য শোকজ দাবিতে অপপ্রচার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্‌দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে শিবির সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদল শোকজ করেছে দাবি করে একাধিক ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক পেজ থেকে ফটোকার্ড পোস্ট করে দাবিটি ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, ইনফো বাংলা নামে একটি পেজ থেকে একই দাবিতে সর্বপ্রথম একটি ফটোকার্ড পোস্ট করা হয়। তবে পোস্টটির মন্তব্যের ঘরে দেওয়া লিংকের সংবাদে শিরোনাম সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। 

অন্যদিকে নিউজ টাইম টিভি নামে ভিন্ন আরেকটি প্রোফাইল থেকে একই দাবিতে আরেকটি ফটোকার্ডে পোস্ট করা হয়েছে। এতে হামিমের ছবি ব্যবহার করে লেখা হয়েছে, “শিবির কর্মী হামিমকে শোকজ করল ছাত্রদল।” এতে ২৮ ফেব্রুয়ারি তারিখ দিয়ে বিস্তারিত কমেন্টে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মন্তব্যের ঘরে এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

এশিয়া পোস্টে প্রকাশিত সংবাদে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করায় জসীমউদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিমকে শোকজ করেছে সংগঠনটি। ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি। 

এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যমগুলোতে ছাত্রদল নেতা হামিমকে শোকজ সম্পর্কিত বেশকিছু সংবাদ পাওয়া যায়। কারণ দর্শানোর নোটিশ জানানো হয়, ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল।

এদিকে, ঘটনার প্রতিবাদ করে ফেসবুক প্রোফাইলে আরও একটি পোস্ট করেছেন হামিম। এতে তিনি উল্লেখ করেন, “বিভিন্ন ভুঁইফোঁড় মিডিয়া মিথ‍্যা নিউজ করতে শুরু করে ‘চাঁদাবাজি’ কিংবা ‘শিবির সংশ্লিষ্টতা’র ফলে হামিমকে শোকজ, তখন আমি মানসিকভাবে মেনে নিতে না পেরে ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছিলাম।” 

সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্‌দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে শিবির সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রদল শোকজ করেছে দাবি করে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। মূলত ইফতার মাহফিল সম্পর্কিত ঘটনার জেরে তাকে শোকজ করা হয়েছে।