logo

নির্বাচনে হেরে হিন্দুদের ওপর জামায়াতের আক্রমণ দাবিতে পুরোনো ভিডিও প্রচার

নির্বাচনে হেরে হিন্দুদের ওপর জামায়াতের আক্রমণ দাবিতে পুরোনো ভিডিও প্রচার

নির্বাচনে হেরে জামায়াতে ইসলামী হিন্দুদের উপর আক্রমণ শুরু করেছে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে ছড়ানো হচ্ছে। এ ধরনের কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

তবে যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, একজন ব্যক্তি মারধরের শিকার হচ্ছেন। তার আশপাশে থাকা মানুষদের মধ্যে মারধরকারী ও তাকে ঘিরে রেখে রক্ষা করতে চাওয়া অনেকেই টুপি পরিহিত অবস্থায় আছেন। ‘সুদর্শন নর্থইস্ট’ নামে একটি ফেসবুক প্রোফাইল ও বেশকিছু এক্স হ্যান্ডেলে একই ক্যাপশনে ভিডিওটি পুনরায় পোস্ট করা হয়েছে।

এতে দাবি করা হয়, ‘Islamists have started attacking Hindus in Bangladesh after Jamaat-e-Islami lost Elections.’ প্রচারিত পোস্টগুলোতে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া এবং রিপোস্ট করেছেন অনেক নেটিজেন। 

তবে প্রচারিত ভিডিওটি ইনভিডে কী-ফ্রেম বিশ্লেষণ করে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর প্রচারিত হুবহু একটি ভিডিও পাওয়া যায়। সেসময় ‘নগরবার্তা নিউজ টিভি’ নামে একটি প্রোফাইলে প্রচারিত ভিডিওটির ক্যাপশনে জানানো হয়, ‘খালেদা জিয়ার জানাজায় জয় বাংলা স্লোগান দেওয়ার পর যা করলেন জনতা।’ এ ধরনের কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। 

এ ঘটনায় একাধিক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি গণপিটুনির শিকার হচ্ছেন। ভিডিওতে, অভিযুক্ত ব্যক্তি ‘জয় বাংলা স্লোগান দিয়েছে’ এমন কথা বলতে শোনা যায় একজনকে। এ সময় বেশ কয়েকজন মুসল্লি তাকে পিটুনি থেকে সরিয়ে পুলিশের ডিটেক্টিভ ব্রাঞ্চ বা ডিবি সদস্যদের নিরাপত্তায় ছেড়ে দিতেও দেখা গেছে। 

সুতরাং নির্বাচনে হেরে জামায়াত হিন্দুদের ওপর আক্রমণ শুরু করেছে দাবি করে প্রচারিত ভিডিওটি অন্য একটি ঘটনার। প্রচারিত ভিডিওটির ঘটনা ৩১ ডিসেম্বরের, যা নির্বাচন-পরবর্তী ঘটনার দাবিতে প্রচারিত প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিত্তিহীন।