logo

ঢাকায় বাসে আগুন দেওয়ার সময় জামায়াতের তিন নেতা আটক হওয়ার দাবিটি ভুয়া

ঢাকায় বাসে আগুন দেওয়ার সময় জামায়াতের তিন নেতা আটক হওয়ার দাবিটি ভুয়া
ঢাকায় বাসে আগুন দেওয়ার সময় জামায়াতের তিন নেতা আটক হওয়ার দাবিটি ভুয়া। ছবি : ফেসবুক পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ গতকাল (২০ সেপ্টেম্বর) 'ঢাকা লকডাউন' কর্মসূচি ঘোষণা দেয়। এই কর্মসূচি ঘিরে ফেসবুকে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘ঢাকায় বাসে আগুন দেওয়ার সময় জামাতের তিন নেতা আটক’। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং একটি কথিত স্যাটায়ার পেজে শেয়ার করা ছবি থেকে আলোচিত দাবিটি বিভ্রান্তিকরভাবে ছড়িয়ে পড়ছে।

ফেসবুকে সরিফুল সরকার নামে একজন বিএনপি সমর্থকের প্রোফাইল থেকে অডিও যুক্ত করে রিল আকারে ছবিটি পোস্ট করা হয়েছে। ১২ সেকেন্ডের অডিওটিতে বলতে শোনা যায়, ‘ঢাকায় বাসে আগুন দেওয়ার সময় জামাতের তিন নেতা আটক, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার, ঢাকার বাসগুলিতে জামাতের নেতার আগুন দিচ্ছে, এইযে তার প্রমাণ।’

প্রচারিত ফটোকার্ডটির উপরের বামপাশে ‘BANGU VISION’ নামে একটি লোগো বসানো হয়েছে যা বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা ভিশনের লোগোর আদলে তৈরি। ছবিটির মাঝামাঝি অংশে জ্বলন্ত একটি বাসের পাশে মাথায় টুপি পড়া একজন ব্যক্তির ছবি ব্যবহার করে নীচেই আলোচিত দাবিটি বসানো হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উল্লিখিত আইডি থেকে পোস্টটি ৫ লক্ষ ১৭ হাজার বার দেখা হয়েছে। এছাড়াও পোস্টটিতে ৩২ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ১২ হাজার বার পুনরায় শেয়ার করতে দেখা গেছে।

আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত লোগোটির সূত্র ধরে এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে BanguVision News নামে একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। পেজটিতে একই ধরনের ফটোকার্ড নিয়মিত পোস্ট করা হয়। দেখুন এখানে এবং এখানে। তবে সার্চ করে ‘ঢাকায় বাসে আগুন দেওয়ার সময় জামাতের তিন নেতা আটক’ সম্পর্কিত ফটোকার্ডটি পাওয়া যায়নি। পেজটির সম্পর্কে বর্ণনা দিয়ে এর এবাউট সেকশনে লেখা হয়েছে, BanguVision News is an independent, unofficial digital media page.Content may include satire, parody, and dramatized news-style presentations.অর্থাৎ, বাঙ্গুভিশন নিউজ (BanguVision News) একটি স্বাধীন ও অনানুষ্ঠানিক ডিজিটাল মিডিয়া পেজ। এর কনটেন্ট বা বিষয়বস্তুর মধ্যে ব্যঙ্গ (satire), প্যারোডি এবং নাট্যরূপ দেওয়া সংবাদের উপস্থাপনা থাকতে পারে।

অন্যদিকে, আলোচিত ফটোকার্ডটিতে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমে ‘বাসে আগুন দেওয়ার সময় জামায়াতের নেতা আটক‘ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও, সংবাদমাধ্যমে বাংলাভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটেও সার্চ করে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি।

অর্থাৎ, ‘ঢাকায় বাসে আগুন দেওয়ার সময় জামাতের তিন নেতা আটক’ দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কথিত ঢাকা লকডাউন ঘিরে বাসে আগুন দেওয়ার সময় জামায়াতের নেতা আটক হওয়ার দাবিটি সত্য নয়। মূলত ব্যঙ্গাত্মক একটি পেজ থেকে ছড়ানো ছবি আসল ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে, বাস্তবে এ ধরনের কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি।