আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার

আওয়ামী লীগ যে উন্নয়ন করে গেছে তা রক্ষণাবেক্ষণ করতেই একটি সরকারের মেয়াদ চলে যাবে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এমন বক্তব্য দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফটোকার্ড ছড়ানো হয়েছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ড রিভার্স ইমেজ সার্চ এবং সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, ‘আমি মফিজ’ নামের একটি পেজ থেকে দাবিটি সর্বপ্রথম (২১ ফেব্রুয়ারি) সর্বপ্রথম পোস্ট করা হয়েছে। এতে রুমিন ফারহানার বক্তব্য দাবি করে লেখা হয়, ‘আওয়ামী লীগ যে পরিমাণ উন্নয়ন করে গেছে, সেগুলো রক্ষণাবেক্ষণ করতেই একটা সরকারের মেয়াদকাল চলে যাবে, নতুন কিছু করা লাগবে না। আমি কিছুদিন আগে বরিশাল, রাজশাহী, শরীয়তপুর, ভাঙ্গা, মাদারীপুর, খুলনা গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমার মনে হল আমি কোন উন্নত কান্ট্রিতে চলে এসেছি। বিশ্বাসও করুন এত উন্নয়ন আগামী ১০০ বছরে বাংলাদেশ হবে না।’
পোস্টটিতে এ পর্যন্ত ১০ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ২ হাজারের কাছাকাছি শেয়ার হতে দেখা গেছে। তবে সম্প্রতি পোস্টটির একটি সংক্ষিপ্ত অংশ নতুন করে সংবাদ ফটোকার্ড আকারে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়ানো হচ্ছে। ‘প্রতিদিন খবর ২৪’ নামে একটি পেজ থেকে দাবিটি পোস্ট করা হলে সেখানে সাড়ে তিন হাজারের বেশি প্রতিক্রিয়া আসে। এ ছাড়া পোস্টটিতে শতাধিক মন্তব্য এসেছে, যেখানে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। যেমন: সায়েম আনসারি নামের একজন লিখেছেন, ‘প্লট বিএনপির কারণে না পাওয়ার দুঃখটা থেকে গেছে আপনার।’
ফটোকার্ডে উল্লিখিত দাবির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে রুমিন ফারহানার এ ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিফায়েড পেজে সার্চ করেও এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তার একটি বক্তব্য পাওয়া যায়। এতে একপর্যায়ে তিনি নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন ঘাটতি নিয়ে আলাপ করেন। সাক্ষাৎকারটির ৩ মিনিট ৪৪ সেকেন্ডের পর তাকে বলতে দেখা যায়, ‘তো এই হলো আমার এলাকার মানুষের ভাগ্যের অবস্থা। কিন্তু সরকারের বা রাষ্ট্র মানে সার্বিক যে উন্নয়নের জাল সেটার মধ্যেও এই জায়গাগুলো আসে নাই। কারণ ১৫-১৭ বছর তো ধরেন আওয়ামী লীগ ছিল। সবসময় মনে করত যে, এরা তো আমাদের ভোট দেয় না। এটা তো বিএনপি অধ্যুষিত এলাকা। এদের এত উন্নয়নের কি আছে। আমি তো খুলনা গেছি কয়েকবার, বরিশাল গেছি, আমি দেখেছি এটা বিদেশের মত করে ফেলেছে। আওয়ামী লীগ বিদেশের মত করে ফেলেছে।’
অর্থাৎ ‘আওয়ামী লীগ যে উন্নয়ন করে গেছে তা রক্ষণাবেক্ষণ করতেই একটি সরকারের মেয়াদ চলে যাবে।’ রুমিন ফারহানা এমন বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।