চাঁদাবাজির অভিযোগে মারধরের ঘটনা ছাত্রলীগ কর্মীকে বিএনপি নেতার নির্যাতন দাবিতে প্রচার

‘দীর্ঘদিন পরে বাড়িতে আসলে ছাত্রলীগ কর্মী সালমান মল্লিককে বিএনপি নেতার নির্ম'ম নির্যাত'ন।’ এমন ক্যাপশনে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
ফেসবুকে যুবককে মারধরের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ‘দীর্ঘদিন পরে বাড়িতে আসলে ছাত্রলীগ কর্মী সালমান মল্লিককে বিএনপি নেতার নির্ম'ম নির্যাত'ন।’ গোপালগঞ্জ ইনাসাইডার্স নামে একটি পেজ থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। উল্লিখিত পেজ থেকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে।
তবে প্রচারিত ভিডিওটির গুরুত্বপূর্ণ কিছু ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে প্রচারিত ভিডিওটির সঙ্গে হুবহু মিলে যায় এমন বেশকিছু পোস্ট পাওয়া যায়। টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রকাশিত এসম্পর্কিত একটি সংবাদ দেখুন এখানে। এ ছাড়া দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে প্রকাশিত আরও কিছু সংবাদ পাওয়া যায়। সংবাদসূত্রে জানা যায়, ভোলার চরফ্যাশনে পর্যটকদের আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে যুবককে জনসমক্ষে ১০০ বার কান ধরে ওঠবস করানো হয়।
অন্যদিকে, প্রচারিত ভিডিওটিতে মারধরের শিকার ব্যক্তিকে ‘ছাত্রলীগ কর্মী সালমান মল্লিক’ নামে পরিচয় দেওয়া হয়েছে। তবে প্রকাশিত সংবাদে অভিযুক্ত ব্যক্তির নাম রাশেদ বলে জানা গেছে।
অর্থাৎ, ‘দীর্ঘদিন পরে বাড়িতে আসলে ছাত্রলীগ কর্মী সালমান মল্লিককে বিএনপি নেতার নির্ম'ম নির্যাত'ন।’ দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া। মূলত ভোলার চরফ্যাশনে পর্যটকদের আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে যুবককে স্থানীয় যুবদল নেতার মারধরের ভিডিও এটি।