টাকা নিয়ে চাকরি না দেওয়ায় এনসিপি নেত্রীকে মারধর দাবি করা ভিডিওটি আসলে রাশিয়ার

‘ঢাকায় টাকা নিয়ে চাকরি না দেওয়ায় এনসিপি নেত্রীকে বেদম কেলানি।’ এ ধরনের ক্যাপশনে একজন নারীকে অন্ধকারে মারধরের একটি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং রাশিয়ার ঘটনার ভিডিও প্রচার করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
তবে প্রচারিত ৫ সেকেন্ডের ভিডিওটির একাধিক গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (বর্তমান এক্স) এমন একটি পোস্ট পাওয়া যায়। টুইটারে টুডে’স নিউজ নামে একটি ভ্যারিফায়েড হ্যান্ডেল থেকে এ সম্পর্কিত ২১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে জানানো হয়েছে, ‘ঘটনাটি রাশিয়ার ভিয়াৎস্কিয়ে পলিয়ানি এলাকায়। প্রেমিককে নিয়ে ঝামেলার কারণে সে মেয়েকে মারধর করা হয়েছে। তার মাথা ধরে একটি ইটের দেয়ালে দুইবার জোরে ধাক্কা দেওয়া হয়, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে।’
এছাড়াও. ইনস্টাগ্রামে নিউজ ট্রায়াল নামে একটি প্রোফাইলেও সম্প্রতি ভিডিওটি পোস্ট করা হয়েছে। পোস্টটিতেও ঘটনাটি রাশিয়ার ভিয়াৎস্কিয়ে পলিয়ানি এলাকার বলে উল্লেখ করা হয়েছে। অপরদিকে, ‘ঢাকায় টাকা নিয়ে চাকরি না দেওয়ায় এনসিপি নেত্রীকে মারধরের ঘটনা দাবি করা পোস্ট গুলোতে ঘটনাটি সুর্নিদিষ্টভাবে কোনো নেত্রীর নাম-পরিচয়, ভুক্তভোগীদের অভিযোগ বা ঘটনার তথ্য-প্রমাণ উল্লেখ করা হয়নি। এছাড়াও, প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে, টাকা নিয়ে চাকরি না দেওয়ায় এনসিপি নেত্রীকে মারধর সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি।
অর্থাৎ, ‘ঢাকায় টাকা নিয়ে চাকরি না দেওয়ায় এনসিপি নেত্রীকে বেদম কেলানি।’ ক্যাপশনে এধরনের দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত রাশিয়ার। দেশটির ভিয়াৎস্কিয়ে পলিয়ানি এলাকার প্রেম সম্পর্কিত মারধরের ঘটনার ভিডিওকে বাংলাদেশে এনসিপি নেত্রীকে মারধর দাবিতে প্রচার করা হচ্ছে।

