এআই জেনারেটেড ছবি ছড়িয়ে সফল লকডাউনের দাবি নিষিদ্ধ যুবলীগের

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সফলতা দাবি করে বেশকিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়ছে। `সম্পূর্ণ ফাঁকা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক, যুবলীগের লকডাউন সফল’ এমন ক্যাপশনে একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এছাড়াও ঢাকা-খুলনা মহসড়ক অবরোধ দাবি করেও এমন একটি ছবি প্রচার করা হচ্ছে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি বলে জানা গেছে।
ফেসবুকে জিহাদ ব্রো ৭১ নামে একটি আওয়ামী সমর্থক আইডি থেকে ছবিটি ব্যপকভাবে ছড়িয়ে পড়তে দেখা যায়। এতে ‘সম্পূর্ণ ফাঁকা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক যুবলীগের লকডাউন সফল’ দাবি করে তিনটি ছবি পোস্ট করা হয়েছে। এরমধ্যে দুটি ছবিতে ফাঁকা রাস্তা দেখানো হলেও প্রথম ছবিটিতে অবরোধ করা সড়কে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন আটকে থাকতে দেখা যায়। পোস্টটিতে প্রতিবেদন লেখা পর্যন্ত ২ হাজার ছয় শতাধিক প্রতিক্রিয়া আসতে দেখা গেছে।
তবে প্রচারিত প্রথম ছবিটি হাইভ ডিটেক্টসহ একাধিক এআই জেনারেটেড কন্টেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করা হয়। এতে ছবিটির ৯৯ শতাংশের বেশিই এআই বলে জানানো গেছে। আরও নিশ্চিত হতে ছবিটি সাইট ইন্জিনে আপলোড করা হয়। এতেওে ছবিটির ৮০ শতাংশের বেশি এআই হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ দাবিতে প্রচারিত ছবিটি হাইভ মডারেশনে আপলোড করেও ৯৯ শতাংশের বেশি এআই নির্মিত বলে জানা গেছে।
অর্থাৎ, ঢাকা-খুলনার সড়ক অবরোধ করেছে নিষিদ্ধ আওয়ামিলীগ এবং ‘সম্পূর্ণ ফাঁকা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক যুবলীগের লকডাউন সফল’ দাবিতে প্রচারিত ছবি গুলো এআই জেনারেটেড। এছাড়াও এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি।