logo

প্রবাসীদের রেমিট্যান্স থেকে সাড়ে ৭ শতাংশ কেটে নেওয়ার দাবিটি মিথ্যা

প্রবাসীদের রেমিট্যান্স থেকে সাড়ে ৭ শতাংশ কেটে নেওয়ার দাবিটি মিথ্যা
প্রবাসীদের রেমিট্যান্স থেকে সাড়ে ৭ শতাংশ কেটে নেওয়া হচ্ছে দাবিতে মিথ্যা প্রচারণা। ছবি : সংগৃহীত

দেশের সংস্কারের জন্য প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে সাড়ে ৭ শতাংশ কেটে নেওয়া হবে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক (ভিপি নুর) এমন ঘোষণা দিয়েছেন দাবি করে বেশকিছু ফটোকার্ড এবং ভিডিও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ব্লগে এ ধরনের পোস্ট দেখুন এখানে।

তবে এশিয়া পোস্ট যাচাই করে দাবিটির সত্যতা পায়নি। বরং সরকার আগের নিয়মে বৈধ চ্যানেলে পাঠানো রেমিট্যান্সের ওপর নগদ আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে।

ফেসবুকে আশার আলো টিভি নামে একটি পেজ থেকে সর্বপ্রথম (২৮ মে, বৃহস্পতিবার) একটি ফটোকার্ড পোস্ট করা হয়। এতে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হকের একটি ছবি দিয়ে তার বক্তব্য হিসেবে দাবি করা হয়, ‘দেশের ভাগ্য পরিবর্তনের জন্য রেমিট্যান্স থেকে ৭.৫% কেটে নেওয়া হবে’। তবে পেজটিতে সে ফটোকার্ডটি সরিয়ে বক্তব্য পরিবর্তন করে গতকাল ভিন্ন আরেকটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। তবে এরমধ্যে দাবিটি ভিডিও, টেক্সট, ফটোকার্ড হিসেবে বিভিন্ন পেজ এবং প্রোফাইল থেকে ছড়িয়ে পড়তে শুরু করে।

প্রবাসীদের রেমিট্যান্স থেকে সাড়ে ৭ শতাংশ কেটে নেওয়া সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে মিথ্যা দাবি প্রচার করছে এমন বেশকিছু পোস্ট পাওয়া যায়। যেমন: পলিটিক্স টিভি নামে একটি আওয়ামী লীগ সমর্থক পেজ থেকে বানানো একটি ভিডিও ১০ লক্ষাধিকবার ভিউ হতে দেখা গেছে। দেখুন এখানে । ভিডিওটিতে ৩২ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি চার হাজারের কাছাকাছি মন্তব্য পড়েছে। মন্তব্যগুলো যাচাই করে দেখা যায়, বেশির ভাগ নেটিজেনই দাবিটি বিশ্বাস করেছেন। তাদের অনেকেই বৈধ চ্যানেল এড়িয়ে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়ে মন্তব্য করছেন।

তবে প্রবাসীদের রেমিট্যান্সের ওপর সাড়ে ৭ শতাংশ কেটে নেওয়া সম্পর্কিত কি-ওয়ার্ড ধরে সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হকের পেজ থেকে দাবিটি খণ্ডন করে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে জানানো হয়, ‘সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনিও কখনো এ ধরনের মন্তব্য করেননি।’ বরং রেমিট্যান্সে ২.৫ শতাংশ প্রণোদনা আগামীতেও অব্যহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী নুর।

অর্থ্যাৎ, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর দেশের ভাগ্য পরিবর্তন কিংবা দেশ সংস্কারের জন্য প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর সাড়ে ৭ শতাংশ কেটে নেওয়ার ঘোষণা দেননি। এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়নি। বরং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর নামে ভুয়া বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।