বিদ্যুৎ সংকট নিয়ে তারেক রহমানের পুরোনো বক্তব্য বিকৃত করে প্রচার

‘আপনি তেল চাচ্ছেন, টিকা চাচ্ছেন এট দ্যা সেইম টাইম আপনি বিদ্যুৎ চাচ্ছেন। এটা কোনো গভমেন্টের পক্ষেই দেওয়া সম্ভব না।’ প্রধানমন্ত্রী তারেক রহমান এমন মন্তব্য করেছেন দাবিতে একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। ২০০৬ সালে একটি টিভি সাক্ষাৎকারে দেওয়া তারেক রহমানের বক্তব্য বিকৃত করে নতুন পরিস্থিতিতে প্রচার করা হচ্ছে এতে।
প্রচারিত ফটোকার্ডগুলোতে তারেক রহমানের বক্তব্য হিসেবে দাবি করা হচ্ছে, ‘আপনি তেল চাচ্ছেন, টিকা চাচ্ছেন এট দ্যা সেইম টাইম আপনি বিদ্যুৎ চাচ্ছেন। এটা কোনো গভমেন্টের পক্ষেই দেওয়া সম্ভব না।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট গ্রুপগুলোতে বিভিন্ন পেজ এবং প্রোফাইল থেকে দাবিটি পোস্ট করা হয়েছে। প্রচারিত পোস্টগুলোতে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে, নেটিজেনদের অনেককে। যেমন—সার্পোটার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি গ্রুপে মিজান খান নামে একজন মন্তব্য করেছেন, ‘সব দেবেন বলেই এসেছেন দিতে না পারলে পদত্যাগ করুন, এটাই হবে উত্তম।’ মো. আবু বারিক নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘এই সব লোক দিয়ে কি আর দেশ চলে শেখ হাসিনা সরকার ছাড়া দেশ অচল।’
তবে এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে তারেক রহমান—এমন বক্তব্য দিয়েছেন বলে কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিএনপির অফিশিয়াল পেজেও এ ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে কী-ওয়ার্ড সার্চ করে, তারেক রহমানের এসম্পর্কিত একটি বক্তব্য পাওয়া যায়। ঘণ্টার বেশি সময় ধরে দেওয়া সাক্ষাৎকারটির ১৮ মিনিট ০৭ সেকেন্ড থেকে তার বক্তব্যের সঙ্গে প্রচারিত ফটোকার্ডের দাবিকৃত বক্তব্যের আংশিক মিল পাওয়া যায়। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘আমাদের দেশে দেখেন আপনি সন্ধ্যার পরপর বাসায়ও বিদ্যুৎ চাচ্ছেন এট দ্য সেইম টাইম শপিংমলগুলোতেও কারেন্ট। শপিংমলগুলোতে, যেটা সাধারণত অনেকসময় দোকানিরা বলে থাকেন যে, দিনে কাস্টমার কম থাকে। দিনে যখন কাস্টমার কম থাকে তখন সে একটা এয়ারকন্ডিশনার চালাচ্ছে, বাতি অর্ধেক বন্ধ করে দিচ্ছে।’
এতে তাকে আরও বলতে শোনা যায়, ‘সন্ধ্যার পরে যখন কাস্টমার আসছে তখন সে একটার বদলে একসাথে দুটো বা ৩টা এয়ারকন্ডিশনার চালিয়ে দিচ্ছে। কারণ, কাস্টমার ঢুকছে। লাইট যেখানে অর্ধেকের বেশি বন্ধ ছিল সেখানে সবগুলো লাইট জ্বলছে। এখন এট দ্য সেইম টাইম কোনো গভমেন্টের পক্ষে সম্ভব না, খামোখা একটা জোর করে কথা বললে তো হলো না। কোনো গভেমেন্টের পক্ষেই সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে লন্ডনে বা টোকিওতে বা নিউইয়র্কে সন্ধ্যার পরে দোকানপাট বন্ধ করে দিতো না।’
অর্থ্যাৎ, ‘আপনি তেল চাচ্ছেন, টিকা চাচ্ছেন এট দ্য সেইম টাইম আপনি বিদ্যুৎ চাচ্ছেন। এটা কোনো গভমেন্টের পক্ষেই দেওয়া সম্ভব না।’ এমন বক্তব্য দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিন্ন প্রেক্ষাপটে দেওয়া তার পুরোনো বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে এতে।