শহীদ মিনারে কিশোরের মৃত্যুর ঘটনা ‘ছাত্রলীগ হত্যা’ দাবিতে পাল্টাপাল্টি গুজব প্রচার

‘ছাত্রলীগ কর্মী শিহাবকে হত্যার পর শহীদ মিনারে ঝুলিয়ে রেখেছে জামাত-বিএনপির সন্ত্রাসীরা।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন ক্যাপশনে একটি ছবি এবং ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন প্রোফাইল থেকে প্রচার করা হচ্ছে।
এ ছাড়াও একই ছবি ‘ছাত্রলীগ ছেড়ে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়ায় মানিকগঞ্জে কিশোর শিহাবকে তুলে নিয়ে হত্যা করে শহীদ মিনারে ঝুলিয়ে দিয়েছে লীগ সন্ত্রাসীরা’ এমন দাবিতেও প্রচার করা হয়েছে। তবে এশিয়া পোস্ট যাচাই করে দাবিগুলোর কোনোটির সত্যতা পায়নি। বরং একজন দোকান কর্মচারীর অপমৃত্যুর ঘটনা রাজনৈতিক প্রচারণার উপকরণ করা হচ্ছে এতে।
পলাতক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রোফাইল থেকে জামাত-বিএনপিকে দায়ী করে একটি পোস্ট করা হয়েছে। পোস্টটিতের ৭ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি চার শতাধিক নেটিজেন মন্তব্য করেছেন। অন্যদিকে ‘ছাত্রলীগ ছেড়ে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়ায় হত্যা করে শহীদ মিনারে ঝুলিয়ে দিয়েছে লীগ সন্ত্রাসীরা’ এধরনের দাবিতে প্রচারিত বেশকিছু পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া আসতে দেখা গেছে। এস এম শাফাত হোসেন নামে একটি প্রোফাইল থেকে ছবিটির পোস্টে সাড়ে তিন হাজারের বেশি প্রতিক্রিয়া আসতে দেখা গেছে।
তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে জাতীয় পর্যায়ের একাধিক সংবাদমাধ্যমে এ সম্পর্কিত সংবাদ পাওয়া গেছে। দেখুন এখানে এবং এখানে। এতে জানানো হচ্ছে, নিহত কিশোর সিহাব হোসেন (১৫) মানিকগঞ্জ বাসস্ট্যান্ড মাছবাজারে মনির হোসেন এক মাছ ব্যবসায়ীর কর্মচারী হিসেবে কাজ করত।
এ ঘটনায় মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন । তবে মৃত্যুর কারণ বা ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে পারিবারের সূত্রে জানানো হয়েছে, শনিবার নৌকায় ঘুরতে যাওয়ার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল শিহাব। তবে মা টাকা দিতে রাজি না হওয়ায় অভিমান করে রাতে বাড়ি থেকে বের হয়ে যায় সে। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
অর্থাৎ, মানিকগঞ্জে শহীদ মিনার থেকে উদ্ধার হওয়া কিশোরের লাশের ছবি ‘ছাত্রলীগ করার অপরাধে এবং ছাত্রলীগ ছেড়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়ায়’ হত্যার মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে।
.png)

