ইসরায়েলে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের দাবিটি ভুয়া

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের হামলায় নিহত হওয়ায় উপ-প্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, গত বুধবার (১৮ মার্চ) তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
ইয়ারিভ লেভিন বর্তমানে ইসরায়েলের উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিচার, অভ্যন্তরীণ বিষয় ও ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টির সদস্য। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিকবার নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এসম্পর্কিত এশিয়া পোস্টের ফ্যাক্টচেক প্রতিবেদন দেখতে পারেন এথানে, এখানে, এখানে, এবং এখানে।
ছড়িয়ে পড়া ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, হেডলাইন ৩৬০ নামে একটি পেজ থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়েছে। এতে ইসরায়েলের প্রথানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি ইনসাইটে রেখে বড়ো করে ইয়ারিভ লেভিনের ছবি ব্যবহার করা হয়েছে। ইংরেজিতে লেখা হেডলাইনে আলোচিত দাবিটি বসানো হয়েছে। তবে ছবিতে কিংবা ক্যাপশনে দাবিটির কোনো তথ্যসূত্র জানানো হয়নি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, পোস্টটিতে সাড়ে ১২ হাজারের বেশি মন্তব্যের পাশাপাশি ৯ হাজারের কাছাকাছি পুনরায় শেয়ার হতে দেখা গেছে।
তবে এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে ইসরায়েল থেকে প্রকাশিত কিংবা অন্য কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবিটির পক্ষে যায় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও ইসরায়েলের সরকারি ওযেবসাইট এবং সামাজিক মাধ্যমে অফিশিয়াল চ্যানেলগুলোতেও এসম্পর্কিত কোনো ঘোষণা কিংবা তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
অন্যদিকে ১৮ মার্চে ইয়ারিভ লেভিনকে দায়িত্ব দেওয়ার দাবি করা হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিশিয়াল ওয়েবসাইটে ১৮ মার্চ একটি বিবৃতি প্রকাশ করে। এতে দখলকৃত ভূখণ্ডটির প্রধানমন্ত্রী হিসেবে ইরানি হামলায় ২ ইসরায়েলির মৃত্যুতে শোক জানান নেতানিয়াহু।
অর্থাৎ, ইসরায়েলের উপ-প্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ড এবং পোস্টগুলো ভুয়া।