logo

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েল আক্রমণের ঘোষণা দেয়নি ইতালি

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েল আক্রমণের ঘোষণা দেয়নি ইতালি

“ইতালির প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করলে, তারা ইসরায়েলকে আক্রমণ করবে!” এমন দাবিতে একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, আল জাজিরা বাংলা নামে একটি গ্রুপে এ সম্পর্কিত একাধিক ফটোকার্ড পোস্ট করা হয়েছে। এছাড়াও দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, ডিএমএস গ্লোবাল নামে পাকিস্তান থেকে পরিচালিত একটি পেজ থেকে ‍সর্বপ্রথম (১১ এপ্রিল) দাবিটি পোস্ট করা হয়। এতে ইতালির প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে দাবি করা হচ্ছে, “ইতালি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান না ঘটলে তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করতে পারে। এই বিবৃতিটি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক উদ্বেগেরই প্রতিফলন।”

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল জাজিরা বাংলা নামে একটি গ্রুপে দাবিটি পোস্ট করা হলে, সেখানে নেটিজেনদের ব্যাপক প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। পোস্টটিতে মাত্র কয়েক ঘন্টায়, ৮ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি, পাঁচশতাধিকবার শেয়ার করতে দেখা গেছে। এর আগে ‘উত্তরণ শিক্ষালয়’ নামে একটি পেইজ থেকে দাবিটি পোস্ট করা হলে সেখানেও সাড়ে ৬ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি তিনশর কাছাকাছি মন্তব্য পড়েছে। যেখানে দাবিটি বিশ্বাস করে ইতালির প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানাতে দেখা গেছে নেটিজেনদের। 

তবে এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে দাবিটি প্রমাণিত হয় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও তুর্কি সংবাদ সংস্থা আনদুলুতে প্রকাশিত (১১ মার্চ) এক সংবাদে জানানো হয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ‘‘ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সামরিক হামলায় ইতালি ‘অংশ নেয়নি’ এবং এই যুদ্ধে ‘প্রবেশ করতে চায় না’।” এছাড়াও সম্প্রতি ইতালির সংসদে দেওয়া এক বক্তব্যের সূত্রে ভারতের টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী মেলোনি, লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে লেবানন সরকারের সার্বভৌমত্ব ও হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সংবাদটি দেখুন এখানে। 

অর্থাৎ, “ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করলে, ইতালি ইসরায়েলি আক্রমণ করবে।’’ ইতালির প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ইতালির এমন ঘোষণা সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি।