এ ধরনের বক্তব্য দেননি ছাত্রদল সভাপতি

এশিয়া পোস্ট ডেস্ক
এ ধরনের বক্তব্য দেননি ছাত্রদল সভাপতি
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের মন্তব্য দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার। ছবি : সংগৃহীত

চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা চালু রেখে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তিতে ফেলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ছে।

এতে তার মন্তব্য দাবি করে লেখা হয়েছে, “সারা বছর কোনো পড়াশোনা করবে না আর পরীক্ষা আসলেই যত অযুহাত। শিক্ষার্থী নামধারী ফ্যাসিস্টের দোসরদের দাঁতভাঙা জবাব দিতে ছাত্রদল প্রস্তুত!”

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। কথিত স্যাটেয়ার পেজের ফটোকার্ড তার আসল বক্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে এতে।

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, গুপ্ত টেলিভিশন নামে একটি কথিত স্যাটেয়ার পেজ থেকে ফটোকার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (১৫ ঘন্টায়) পোস্টটিতে ২ শতাধিক মন্তব্যের পাশাপাশি দেড় হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া পড়েছে। এছাড়াও ফটোকার্ডটি উল্লিখিত পেজ থেকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করতে দেখা গেছে।

এছাড়াও একই দাবিতে ভিন্ন একটি ফটোকার্ড শেয়ার করা হয়েছ ‘রাষ্ট্রের রসিকতা - State Satire’ নামে আরেকটি পেজে। ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কেউ রাস্তায় নামলে, দাঁতভাঙা জবাব দেবে ছাত্রদল’ ক্যাপশনে প্রচারিত পোস্টটিতে এ পর্যন্ত আট হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। এছাড়াও পোস্টটিতে ১ হাজারের কাছাকাছি মন্তব্য এসেছে। মন্তব্য গুলো বিশ্লেষণ করে দেখা গেছে, নেটিজেনদের বেশিরভাগই ছাত্রদল সভাপতি এমন বক্তব্য দিয়েছেন বিশ্বাস করে সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন। যেমন: এ. কে. মাহাতাবুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘হে ছাত্রলীগের উত্তরসুরীরা তুমার ছাত্র সমাজের সাথে লড়তে চাও?? তোমরা বর্তমান সরকারের আম-ফোর্স??’ তবে পেজটির বায়োতে স্যাটেয়ারধর্মী পেজ দাবি করা হলেও নেটিজেনদের মন্তব্যের ঘরে বক্তব্যটি সঠিক ধরে রিপ্লে করতে দেখা গেছে।

তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম গুলোতে তার এমন বক্তব্য সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এদিকে, বৈরি আবহাওয়ায় সাময়িকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছিল ছাত্রদলসহ মূলধারার সব সংগঠন। কি-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, ‘এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলসহ তিন ছাত্রসংগঠনের’ শিরোনামে প্রথম আলোসহ বেশকিছু সংবাদমাধ্যমে এ সম্পর্কিত সংবাদ প্রকাশ করেছে। অর্থাৎ, সাংগঠনিকভাবে ছাত্রদলের অবস্থান সাময়িকভাবে পরীক্ষা স্থগিত রাখার পক্ষে।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের অফিশিয়াল ফেসবুক প্রোফাইলে সার্চ করে এ ধরনের বক্তব্য দিয়েছেন এমন কোনো পোস্ট পাওয়া যায়নি।

অর্থাৎ, “সারা বছর কোনো পড়াশোনা করবে না আর পরীক্ষা আসলেই যত অযুহাত। শিক্ষার্থী নামধারী ফ্যাসিস্টের দোসরদের দাঁতভাঙা জবাব দিতে ছাত্রদল প্রস্তুত!” ছাত্রদল সভাপতি এমন বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। কথিত স্যাটেয়ার পেজের ফটোকার্ড আসল দাবিতে প্রচার করা হচ্ছে।

বিষয় :asiapost