‘দেশকে ভালোবাসে বলেই বিএনপি জুলাই সনদ বাতিল করেছে’ আজহারির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

‘তারেক রহমানের বিএনপি দেশকে ভালোবাসে বলেই জুলাই সনদ বাতিল করেছে’ প্রখ্যাত বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি এমন মন্তব্য করেছেন দাবি করে একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।
প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, একই দাবিতে একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে। এতে প্রখ্যাত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি এবং বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে নিচের অংশে দাবিটি ব্যবহার করা হয়েছে। ফটোকার্ডটিতে বিস্তারিত কমেন্টে উল্লেখ করা হলেও মন্তব্যের ঘরে দাবিটির সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে দাবিটির সাথে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে দাবিটির পক্ষে যায় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়া মিজানুর রহমান আজহারি, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি সংশ্লিষ্ট অন্যান্য অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোতেও দাবিটির পক্ষে যায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং প্রখ্যাত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি ‘তারেক রহমানের বিএনপি দেশকে ভালোবাসে বলেই জুলাই সনদ বাতিল করেছে’ এমন বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি।