logo

তারেক রহমানের অনুরোধে ড. ইউনূস রাষ্ট্রপতি হতে রাজি হয়েছেন দাবিতে ভুয়া প্রচারণা

তারেক রহমানের অনুরোধে ড. ইউনূস রাষ্ট্রপতি হতে রাজি হয়েছেন দাবিতে ভুয়া প্রচারণা

‘তারেক রহমানের অনুরোধে রাষ্ট্রপতি হতে রাজি হয়েছে ইউনূস’ এমন দাবিতে ভিডিও এবং ফটোকার্ডসহ বেশকিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘যেতনা বিডি’ নামে একটি পেজ থেকে সর্বপ্রথম একটি ভিডিও পোস্ট করা হয়। এতে দাবি করা হচ্ছে, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে তাকে ( ড. মুহাম্মদ ইউনূস) অনুরোধ করেন এবং অবশেষে ড. ইউনূস রাজি হয়েছেন।’ তবে দাবিগুলোর কোনো ধরনের তথ্যসূত্র উল্লেখ করা হয়নি এতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি সাড়ে ৯ লক্ষাধিকবার ভিউ হওয়ার পাশাপাশি ৬০ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া পড়তে দেখা গেছে। এছাড়াও পোস্টটি ১০ হাজারের কাছাকাছি শেয়ার করা হয়েছে। 

অন্যদিকে পোস্টটিতে ২ হাজার ৬ শতাধিক মন্তব্য পড়তে দেখা গেছে, যাদের অনেকেই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন সেখানে। ভিডিওটির পাশাপাশি ভিন্ন ভিন্ন পেইজ এবং প্রোফাইল থেকে একই দাবিতে ফটোকার্ড পোস্ট করতেও দেখা গেছে। যেমন : ‘রেমিট্যান্স ম্যাসেজ’ নামে একটি পেজ থেকে একই দাবিতে একটি ফটোকার্ড পোস্ট করা হলে এতে সাড়ে ৪ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়া পড়ে। এছাড়াও এতে ৫ শতাধিক মন্তব্যের পাশাপাশি কয়েকশবার শেয়ার হতে দেখা গেছে। 

তবে দাবিটির সঙ্গে এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে, দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধান উপদেষ্টা এবং বিএনপির অফিশিয়াল চ্যানেলগুলোতেও দাবির পক্ষে কোনো ধরনের তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হতে রাজি হয়েছেন দাবিতে প্রচারিত ভিডিও এবং ফটোকার্ডগুলো ভুয়া।