আওয়ামী লীগকে নিয়ে ড. কামাল হোসেনের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

‘দেশের বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে আওয়ামী লীগ ছাড়া অসম্পূর্ণ বাংলাদেশ। আওয়ামী লীগ ফিরলেই কেবল পূর্ণতা পাবে হাহাকারভর্তি মানুষের জীবন।’ প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ ড. কামাল হোসেন এমন বক্তব্য দিয়েছেন দাবিতে তার ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে জানা গেছে, ‘বিদ্রোহী সাল্লাহ উদ্দিন’ একটি প্রোফাইল থেকে দাবিটি সর্বপ্রথম (১৪ এপ্রিল) পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে ড. কামাল হোসেনের বক্তব্য দাবি করে লেখা হয়েছে, ‘দেশের বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে আওয়ামী লীগ ছাড়া অসম্পূর্ণ বাংলাদেশ। আওয়ামী লীগ ফিরলেই কেবল পূর্ণতা পাবে হাহাকারভর্তি মানুষের জীবন।’ এরপরই ছবিটি জননী বাংলা নামে একটি পেজ থেকে পোস্ট করা হয়।
পোস্টগুলোতে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে নেটিজেনদের অনেককে। যেমন—ইসমাইল হোসেন নামে একজন সেখানে মন্তব্য করেছেন, ‘প্রিয় নেতা আপনাকে সশ্রদ্ধ সালাম আপনার মতো জ্ঞানী ব্যক্তিরা বাংলাদেশে আছে বলে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি আছে ইনশাআল্লাহ। এক দিন আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসব, আসার পর জঙ্গি ইউনূস এবং তার জঙ্গি বাহিনীর বিচার আমরা করব ইনশাআল্লাহ, জয় বাংলা জয় বঙ্গবন্ধ।’ এ ছাড়াও পোস্টটিতে ২ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৪ শতাধিকবার শেয়ার হতে দেখা গেছে।
তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সার্চ করেও এ সম্পর্কিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অর্থ্যাৎ, ‘দেশের বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে আওয়ামী লীগ ছাড়া অসম্পূর্ণ বাংলাদেশ। আওয়ামী লীগ ফিরলেই কেবল পূর্ণতা পাবে হাহাকারভর্তি মানুষের জীবন।’ প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ ড. কামাল হোসেন এমন বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। এ ধরনের কোনো মন্তব্য করেননি তিনি।