logo

পুলিশ হত্যার তদন্ত নিয়ে এনসিপি নেতাদের নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

পুলিশ হত্যার তদন্ত নিয়ে এনসিপি নেতাদের নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

“পুলিশ হত্যার তদন্ত করলে আমরা দেশত্যাগ করব”, “সাকিবকে ফেরাতে হলে পুলিশ হত্যার তদন্ত বন্ধ করতে হবে” এবং “পুলিশ হত্যার তদন্ত করলে কাউকে ছাড় দেওয়া হবে না” জাতীয় নাগরিক পার্টির নেতারা  এমন বক্তব্য দিয়েছেন দাবি করে বেশ কয়েকটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে , এখানে,   এখানে,   এখানে, এখানে  এবং এখানে 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডগুলো একটি গুজব পেজ থেকে ছড়ানো হয়েছে। 

“পুলিশ হত্যার তদন্ত করলে আমরা দেশত্যাগ করব” এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ এমন কথা বলেছেন দাবি করে প্রচারিত ফটোকার্ড রিভার্স ইমেজ সার্চ করে প্রথম পোস্ট করা পেজটি পাওয়া যায়। সার্চে দেখা গেছে, নিউজ টাইম টিভি নামে একটি ফেসবুক পেজ থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। বিভিন্ন প্রোফাইলের পাশাপাশি উল্লিখিত পেজে পোস্টটিতে ১৮ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি দেড় হাজার বারের বেশি শেয়ার করতে দেখা গেছে। এছাড়াও পোস্টটিতে ৩ হাজারের বেশি মন্তব্য পড়েছে যেখানে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনদের অনেকেই। 

অন্যদিকে সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ “সাকিবকে ফেরাতে হলে পুলিশ হত্যার তদন্ত বন্ধ করতে হবে” এমন কথা বলেছেন দাবি করে ভিন্ন কিছু পোস্ট পাওয়া যায়। একই ধরনের লোগোযুক্ত ফটোকার্ডটি আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে। নিউজ টাইম টিভি নামে পেজে পোস্টটিতে ৭ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। পোস্টটিতে দেড় হাজারের বেশি নেটিজেন মন্তব্য করেছেন যাদের বেশিরভাগকেই দাবিটি বিশ্বাস করতে দেখা গেছে। 

এছাড়াও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম “পুলিশ হত্যার তদন্ত করলে কাউকে ছাড় দেওয়া হবে না” বলেছেন দাবি করে ভিন্ন একটি ফটোকার্ড বিভিন্ন গ্রুপে এবং প্রোফাইলে ছড়ানো হয়েছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট গ্রুপগুলোতে সম্পর্কিত পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া আসতে দেখা গেছে। 

তবে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে দাবির পক্ষে যায় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। জাতীয় নাগরিক পার্টির অফিশিয়াল পেজ এবং দাবি সংশ্লিষ্ট প্রোফাইলগুলোতে সার্চ করে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও ফটোকার্ডগুলোতে বিস্তারিত কমেন্টে লেখা নির্দেশিকা দেওয়া হলেও মন্তব্যের ঘরে বিস্তারিত কোনো তথ্যপ্রমাণ দেওয়া হয়নি। 

অর্থাৎ, পুলিশ হত্যার তদন্ত ‍বিষয়ে এনসিপি নেতাদের নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। তারা এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন এমন তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও একই পেজ থেকে একই কি-ওয়ার্ডে পরপর করা পোস্টগুলো উদ্দেশ্যমূলক অপপ্রচার হিসেবে চিহ্নিত করা যায়।