logo

‘জুলাই যোদ্ধা বলতে কিছু নেই’ দাবিতে আমীর খসরুর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

‘জুলাই যোদ্ধা বলতে কিছু নেই’ দাবিতে আমীর খসরুর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

‘জুলাই যোদ্ধা বলতে কিছু নেই, সংবিধান অনুযায়ী এটা অন্যায়’ নবগঠিত বিএনপি সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে।  তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘চট্টলা সংবাদ’ নামে একটি পেজ থেকে দাবিকৃত ফটোকার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এতে আমীর খসরু মাহমুদ চৌধুরী কথা বলছেন এমন একটি ছবি ব্যবহার করে নিচের অংশে দাবিটি বসানো হয়েছে। ফটোকার্ডটির নিচের অংশে চট্টলা সংবাদের লোগো, ওয়েবসাইট ঠিকানা এবং তারিখ হিসেবে ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ এর কথা উল্লেখ করা হয়েছে। তবে উল্লিখিত সাইটে দাবিটির সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৫৫ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৪ হাজার বারের কাছাকাছি শেয়ার হতে দেখা গেছে। এ ছাড়া এতে মন্তব্য করেছেন সাড়ে ১১ হাজারের বেশি নেটিজেন। অন্যদিকে একই দাবিতে আরও বেশকিছু পেজ এবং গ্রুপে ভিন্ন ফটোকার্ড এবং লেখা পোস্ট করতেও দেখা গেছে। 

তবে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে দাবিটির পক্ষে যায় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে এ ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

অন্যদিকে প্রচারিত ফটোকার্ডে উল্লিখিত তারিখ ধরে সার্চ করে ১৮ ফেব্রুয়ারি তারিখে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যসম্বলিত ভিন্ন একটি সংবাদ পাওয়া যায়। তাকে উদ্বৃত করে এতে জানানো হয়, ‘মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ। এটা তো একটার সঙ্গে একটা পরস্পরবিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে এই দেশের জন্মের যুদ্ধ আর চব্বিশ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাত করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে। দুইটাকে রেসপেক্ট করতে হবে।’ 

সুতরাং, ‘জুলাই যোদ্ধা বলতে কিছু নেই, সংবিধান অনুযায়ী এটা অন্যায়’ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমন বক্তব্য দিয়েছেন দাবি করে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এ ধরনের কোনো বক্তব্য দেননি তিনি।