logo

‘নবী-রাসূল নয় দেব দেবীরাই পৃথিবী থেকে অন্যায় দূর করেছেন’ এমন বক্তব্য দেননি রাষ্ট্রপতি

‘নবী-রাসূল নয় দেব দেবীরাই পৃথিবী থেকে অন্যায় দূর করেছেন’ এমন বক্তব্য দেননি রাষ্ট্রপতি
‘নবী-রাসূল নয় দেব দেবীরাই পৃথিবী থেকে অন্যায় দূর করেছেন’ এ ধরনের কোনো বক্তব্য দেননি রাষ্ট্রপতি। ছবি : ফেসবুক পোস্টের স্ক্রিনশট

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর ২০২৬ (রবিবার) ঢাকার রমনা কালী মন্দির পরিদর্শন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বেশ কিছু বিষয়ে বক্তব্য দেন। এরমধ্যে তিনি ‘নবী-রাসূল নয় দেব দেবীরাই পৃথিবী থেকে অন্যায় দূর করেছেন’ এমন বক্তব্য দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং সেখানে এমন কোনো বক্তব্যই দেননি রাষ্ট্রপতি।

ফেসবুকে মো. খাদিমুল ইসলাম নামে একটি প্রোফাইল থেকে এ ধরনের একটি ফটোকার্ড শেয়ার করে ‘এখন কোন ফতোয়া আসেবে কিনা জানতে চাওয়া হয়েছে। ফটোকার্ডটিতে ‘আজকের খবর’ নামে একটি সংবাদ পেজের নাম ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবির নীচের অংশে আলোচিত বক্তব্যটি বসানো হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৩ শতাধিক মন্তব্যের পাশাপাশি সাড়ে ৩ শতাধিকবার পুনরায় শেয়ার হতে দেখা গেছে।

তবে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে প্রচারিত ফটোকার্ডটিতে উল্লিখিত ‘আজকের খবর’ নামে কোনো সংবাদমাধ্যম পায়নি এশিয়া পোস্ট। সামাজিক মাধ্যমে একই নামে একাধিক পেজ খুঁজে পাওয়া গেলেও প্রচারিত ফটোকার্ডটির সঙ্গে মিল পাওয়া যায় এমন পোস্ট পাওয়া যায়নি। এছাড়াও প্রচারিত বক্তব্যটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের কোনো প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য সম্বলিত কোনো সংবাদ পাওয়া যায়নি।

অন্যদিকে, বক্তব্যটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ এবং রমনা কালী মন্দিরে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্য ফলো করে ‘পৃথিবীতে যখন অন্যায় নেমে এসেছিল, তখনই দেবী দূর্গার আবির্ভাব হয়েছিল’ শিরোনামে রাষ্ট্রপতির পূর্ণাঙ্গ বক্তব্য সম্বলিত একাধিক ভিডিও পাওয়া যায়। সংবাদমাধ্যম ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ৩ মিনিট ৫৯ সেকেন্ডের একটি পোস্টের ২ মিনিট ১০ সেকেন্ড পর তাকে আলোচিত বক্তব্যটি দিতে শোনা যায়। এসময় তিনি বলছিলেন, ‘বাংলাদেশের শুধু নয় সমগ্র পৃথিবীতে যখন অন্যায় অত্যাচার নিপীড় নির্যাতন নেমে এসেছিল তখনই দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল। মূল দর্শনটি হচ্ছে যে অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে অসততার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তাকে পরাজিত করা এটাই হচ্ছে এই পূজার মূল দর্শন। এবং আমরা যারা বাংলাদেশের মানুষ আমাদেরকে এটা বারবার এই দেশে আমাদেরকে এই অসুরের আবির্ভাব হয়েছে এবং বাংলাদেশের মানুষ সেইভাবেই তাদেরকে পরাজিত করেছে।’

অর্থাৎ শারদীয় দুর্গাপূজায় অংশ নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘নবী-রাসূল নয় দেব দেবীরাই পৃথিবী থেকে অন্যায় দূর করেছেন’ এমন কোনো বক্তব্য দেননি। সুতরাং তার বক্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ড গুলো ভুয়া এবং অপপ্রচারের উদ্দ্যেশে ব্যবহৃত হচ্ছে।