logo

শিরীন শারমিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মশাল মিছিল দাবিতে ছড়ানো হচ্ছে আমজনতার দলের ভিডিও

শিরীন শারমিনকে গ্রেপ্তারের প্রতিবাদে মশাল মিছিল দাবিতে ছড়ানো হচ্ছে আমজনতার দলের ভিডিও

‘সাবেক স্পিকার শিরীন শারমিনকে গ্রেপ্তার-এর প্রতিবাদে মশাল মিছিল’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

ফেসবুকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি পেজ এবং প্রোফাইল থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে মশাল মিছিল দাবিতে ছবি এবং ভিডিও পোস্ট করা হয়েছে। নারায়ণগঞ্জের সাাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নামে পরিচালিত একটি পেজ থেকে একই দাবিতে অন্তত ৮ টি ভিডিও পোস্ট করা হয়েছে। প্রচারিত ভিডিওতে দেখা যায় একদল বিক্ষোভকারী মশাল মিছিল করছে। যেখানে অডিওতে বলতে শোনা যায়, “আমরা দেখছি তারা নেতাকর্মীদের বসে যাওয়ার জন্য আহ্বান করছেন এবং পুরো জায়গাজুড়ে তারা অবস্থান নিয়েছেন এবং তারা নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে এ মশাল মিছিলটি করছেন এমনটি তার বলছেন।” 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ভিডিওটি ৩৫ হাজারের বেশি ভিউ হতে দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৫ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৩ শতাধিকবার শেয়ার করা হয়েছে। একই ঘটনার ভিডিও অন্যান্য আরও কয়েকটি পেজ থেকে একই দাবিতে পোস্ট করতে দেখা গেছে। 

তবে প্রচারিত ভিডিওটির বেশ কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে, চলতি বছরের ২৯ জানুয়ারি রাতে রাজধানী পল্টন এলাকায় হওয়া একটি মশাল মিছিলের মিল পাওয়া যায়। বাংলাদেশ আমজনতার দল নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধন সনদ হস্তান্তরে গড়িমসি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে দলটির নেতাকর্মীরা মশাল মিছিলটি করেছেন। এসম্পর্কিত আসল ঘটনার ভিডিওটি দেখুন এখানে।

অর্থাৎ, ‘সাবেক স্পিকার শিরীন শারমিনকে গ্রেপ্তার-এর প্রতিবাদে মশাল মিছিল” দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া। মূলত, আমজনতার দলের নিবন্ধন সনদ হস্তান্তরে গড়িমসি অভিযোগ এনে দলটির মশাল মিছিল কর্মসূচিকে ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে।