logo

প্রধানমন্ত্রী সচিবালয় থেকে কালেমা সরানোর নির্দেশ দিয়েছেন দাবিতে ফেসবুকে ভুয়া প্রচারণা

প্রধানমন্ত্রী সচিবালয় থেকে কালেমা সরানোর নির্দেশ দিয়েছেন দাবিতে ফেসবুকে ভুয়া প্রচারণা

‘তারেক রহমান তার অফিস থেকে কালিমা সরিয়েছে তিনি বলেছেন সচিবালয় হি*ন্দু সহ সব ধর্মের স্থান তা তিনি কালিমা কে বেমানান মনে করেছেন’, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সচিবালয় থেকে কালেমা সরানোর নির্দেশ দিয়েছেন!’ এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালানো হয়েছে। এ ধরনের কয়েকটি পোস্ট দেখৃুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

ছড়িয়ে পড়া ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে নির্ভীক নিউজ নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি দাপ্তরিক ছবি ব্যবহার করে এর নিচেই আলোচিত দাবিটি বসানো হয়েছে। এতে লেখা হয়, ‘এই দেশ মুসলিম-অমুসলিম সবার সচিবালয় থেকে কালিমা সরানোর কারণ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’ 

অন্যদিকে, সংবাদ ফটোকার্ড ধরন নকল করে তৈরি ফটোকার্ডটি বিভিন্ন প্রোফাইল থেকে শতাধিক গ্রুপে পোস্ট করা হয়েছে। যেমন: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামে পরিচালিত একটি গ্রুপে পোস্ট করা ছবিটিতে ১ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৩ শতাধিকবার শেয়ার করতে দেখা গেছে। একই দাবিতে ভিন্ন ফটোকার্ড এবং লেখা পোস্ট করেও দাবিটি ছড়াতে দেখা গেছে। 

তবে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে দাবিটির পক্ষে যায় এমন কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষায়িত ওয়েবসাইট এবং অন্যান্য সরকারি তথ্যসূত্রেও দাবিটির পক্ষে প্রমাণ পাওয়া যায়নি। 

অর্থাৎ প্রধানমন্ত্রী সচিবালয় থেকে কালেমা সরানোর নির্দেশ দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ড এবং পোস্টগুলো সম্পূর্ণ ভুয়া। এ ধরনের কোনো নির্দেশ প্রধানমন্ত্রী দেননি।