নেতানিয়াহুর আত্মার শান্তি কামনা করা আমেরিকা-ইসরায়েলি বাহিনীর অ্যাকাউন্টগুলো ভুয়া

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক বাহিনীর ভ্যারিফাইড টুইটার (বর্তমান এক্স) অ্যাকাউন্ট থেকে পোস্ট করে নেতানিয়াহুর মৃত্যু নিশ্চিত করে পোস্ট দেওয়া হয়েছে। এতে তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনাও করা হয়।
তবে যাচাইয়ে দেখা গেছে, ভ্যারিফাইড বা টিকচিহ্ন যুক্ত থাকলেও অ্যাকাউন্টগুলো ভুয়া।
সামাজিকমাধ্যম এক্সে ‘ইউএস মিলিটারি’ এবং ‘ইসরায়েল আর্মি’ নামে পরিচালিত একাধিক প্রোফাইল থেকে নেতানিয়াহুর মৃত্যুর খবর নিশ্চত করে সংবাদ পোস্ট করা হয়েছে। এর মধ্যে ইউএস মিলিটারির নামে পরিচালিত প্রোফাইলটি থেকে ইংরেজিতে পোস্ট করে বলা হয়, ‘দুঃসংবাদ আসছে , ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন। তার আত্মা শান্তিতে থাকুক।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ১ কোটি ১৭ লাখের বেশিবার দেখা হয়েছে। পুনরায় টুইট করা হয়েছে ৭ হাজার বারের বেশি।
অপরদিকে, ‘ইসরায়েল আর্মি’ নামে টিক চিহ্নযুক্ত আরেকটি প্রোফাইল থেকে একই দাবিতে ব্রেকিং নিউজ দেওয়া হয়েছে। এতে নেতানিয়াহুর ছবির সঙ্গে ক্যাপশনে লেখা হয়, ‘বিগ ব্রেকিং! বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে মারা গেছেন! গত ভিডিওটি ছিল ভুয়া! ইসরায়েল এইমাত্র এটি নিশ্চিত করেছে।’ এ পর্যন্ত পোস্টটি ৯ লাখের কাছাকাছি বার ভিউ হতে দেখা গেছে।।
তবে এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশগুলোর সামরিক বাহিনীর সূত্রে দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক বাহিনীর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে প্রচারিত অ্যাকাউন্টগুলো পুরোপুরি ভিন্ন। এছাড়াও প্রোফাইলগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, এসব অ্যাকাউন্ট থেকে নিয়মিতভাবে ইরানের পক্ষে প্রচারণা চালানো হয়।
প্রোফাইলগুলোতে ভ্যারিফাইড চিহ্ন দেখে এসব সূত্রের বরাতে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের ছবি প্রচার করতে দেখা গেছে। তবে এক্সের অফিশিয়াল নিয়ম অনুযায়ী, শুধু প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনলেই নীল চেকমার্ক পাওয়া যায়। এছাড়াও প্রোফাইল ছবি রাখা, গত ৩০ দিন অ্যাকাউন্ট সচল রাখা এ ধরনের সহজ কিছু শর্তে টিকচিহ্ন দেয় এক্স। বিস্তারিত দেখুন এখানে।
অর্থাৎ, নেতানিয়াহুর মৃত্যু নিশ্চিত করে পোস্ট দেওয়া যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক বাহিনীর ভ্যারিফাইড এক্স অ্যাকাউন্টগুলো মূলত ভুয়া।