‘লুটপাট করেছে নাহিদ-আসিফরা, আর নাম দিয়েছে আমার’ এমন মন্তব্য করেননি আসিফ নজরুল

“লুটপাট করেছে ওরা (নাহিদ-আসিফরা) আর নাম দিয়েছে আমার। ইউনুস সরকারে গিয়ে ভুল করেছি।” অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হচ্ছে, ‘ঠিকানায়’ সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের একটি টকশোতে অংশ নিয়ে আসিফ নজরুল এমন কথা বলেছেন। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ চ্যানেলে গত ১০ সেপ্টেম্বর প্রচারিত একটি টকশো পাওয়া যায়। এতে ড. আসিফ নজরুল বেশ কিছু জায়গায় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে নিয়ে মন্তব্য করেছেন। তবে সম্পূর্ণ টকশোটি ( ১ ঘণ্টা ১৬ মিনিট) শুনে তার মন্তব্য দাবি করা এ ধরনের কোনো বক্তব্য দিতে দেখা যায়নি।
অন্যদিকে, প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে গতকাল(১৩ সেপ্টেম্বর) বিকেলে ‘News Time 240’ নামের একটি ফেসবুক পেজে টকশোটির একটি ভিডিও পাওয়া যায়। এতে ভিডিওটির ক্যাপশনে এবং ফ্রেমে একই দাবি সংবলিত বাক্য অর্থাৎ ‘লুট/পাট করেছে ওরা নাম দিয়েছে আমার। ইউনুসের সরকারে গিয়ে ভুল করেছি। আসিফ নাহিদকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল আসিফ নজরুল।’ লেখা থাকতে দেখা যায়। এছাড়াও ভিডিওটিতে আসিফ নজরুলকে যে বক্তব্য দিতে দেখা যায়, তা খালেদ মহীউদ্দীনের টকশোতেই তিনি বলেছেন। তবে এতে উক্ত দাবি সংবলিত কোনো আলাপ ছিল না। অর্থাৎ, আসিফ নজরুলের ভিন্ন বক্তব্যের সাথে ভুয়া একটি দাবি যুক্ত করে ভিডিওটি বানানো হয়েছে।
অপরদিকে, ভিডিওতে আসিফ নজরুলের পাশাপাশি একই ফ্রেমে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফুটেজও যুক্ত করা হয়েছে। যদিও খালেদ মহিউদ্দীনের ওই টকশোতে শুধু আসিফ নজরুলই উপস্থিত ছিলেন। ভিডিওটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ লক্ষাধিক বার দেখা হয়েছে। এছাড়াও পোস্টটিতে ৮৫ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৬ হাজারের বেশি মন্তব্য এসেছে।
ঠিকানায় সাংবাদিক খালেদ মুহীউদ্দীনের টকশোটিতে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন নিয়ে টকশোর সাড়ে ৬ মিনিটের দিকে আসিফ নজরুল বলেন, ‘৫ আগস্ট থেকে ৮ আগস্ট কীভাবে সরকার গঠিত হয়েছে, আপনি যদি আসিফের বই পড়েন, নাহিদের বিবরণ পড়েন, দেখবেন সম্পূর্ণ ওরা ডিসাইড করেছে। ওরা ডিসাইড করছে, ওরা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে মিলে ডিসাইড করছে।…সমস্ত কিছু তারা করেছে, পরে সরকারের যখন সেনসেশনাল জিনিস আসছে, যারা আমার শত্রু ছিল, সরকারের বাইরে বিশেষ করে, যারা বেশি প্রচারণা চালায়, তারা এমন একটি প্রচারণা চালিয়েছে যে, আই এম ডুয়িং এভ্রিথিং। এটা কীভাবে সম্ভব?’
এছাড়াও, টকশোর ১০ মিনিটে বিপ্লবী সরকার গঠন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘আপনি আবার নাহিদ-আসিফদের বর্ণনা পড়েন। ওরা সরকার গঠন করছে, ওরা ডিসাইড করছে প্রত্যেকে কে কি মন্ত্রী হবে? ওরা ইউনূস স্যারকে নিয়ে আসলো… হঠাৎ করে আমার সিদ্ধান্ত এত বড় হয়ে গেল? এক দফা ঘোষণা করলও নাহিদ, সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিল ওরা…আপনাকে বারবার বলি, আমার সাথে যখন নাহিদের কথা হয়েছে, একটা বার বিপ্লবী সরকার গঠন করতে হবে বলে নাই।’
সম্পূর্ণ টকশোটিতে তিনি ‘ইউনূস সরকারে গিয়ে তিনি ভুল করেছেন’ কিংবা নাহিদ, আসিফদের নিয়ে তার বক্তব্য দাবি করা আলোচিত মন্তব্যটি করতে শোনা যায়নি।
অর্থাৎ “লুটপাট করেছে ওরা (নাহিদ-আসিফরা) আর নাম দিয়েছে আমার। ইউনুস সরকারে গিয়ে ভুল করেছি।” ‘ঠিকানায়’ সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের একটি টকশোতে অংশ নিয়ে আসিফ নজরুল এমন মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত ভিডিও এবং ফটোকার্ডগুলো ভুয়া ও ভিত্তিহীন।

