logo

হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে ভুল তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

হাম-রুবেলা টিকাদান কর্মসূচি নিয়ে ভুল তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘মিজেলসের (হাম) রোগী অনেক বেড়েছে। আট বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরপর আর এই ভ্যাকসিন কোনো সরকার দেয় নাই। আমরা কিন্তু এর মধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি। পারচেজ কমিটি পাস হয়েছে।’ রোববার (২৯ মার্চ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। 

তার এ বক্তব্য নিয়ে প্রকাশিত কয়েকটি সংবাদ দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। ২০২০ সালের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৬ সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচির সংবাদ পাওয়া যায়।

এ সম্পর্কিত কী-ওয়ার্ড ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত সময় কাস্টম করে সার্চ করলে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম এবং এ সম্পর্কিত সংস্থাগুলোর বেশকিছু পোস্ট পাওয়া যায়। যেমন—প্রথম আলোর ২০২০ সালের ৫ ডিসেম্বর প্রকাশিত একটি  সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাস আলী শেখের বরাতে প্রতিবেদনটিতে জানানো হয়, ‘দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তারিখ পরিবর্তন করে ১২ থেকে ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।’

এ ছাড়াও একই বছরের শুরুতে (১০ ফেব্রুয়ারি, ২০২০) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ সম্পর্কিত পোস্ট করা হয়েছে। এতে ক্যাপশনে জানানো হয়েছে, ‘দেশজুড়ে আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তিন সপ্তাহব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০।’ তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে কয়েক দফা সময় পেছানোর পর শেষপর্যন্ত ২০২০ এর ডিসেম্বর থেকে জানুয়ারি ২০২১ সময়ে টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়। 

অর্থ্যাৎ, ২০১৮ সালের পর বা গত ৮ বছরে দেশে হামের টিকা দেয়া হয়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়।