ভারতের সাথে সম্পর্ক নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

‘আমেরিকা না চাইলে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন সম্ভব না’ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এমন কথা বলেছেন দাবি করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। সংবাদমাধ্যম একাত্তর টিভির ফটোকার্ডে তার ছবি যুক্তকরে তিনি এমন বক্তব্য দিয়েছেন দাবি করা হচ্ছে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি এবং একাত্তর টেলিভিশনও এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি।
প্রচারিত ফটোকার্ডটি সূত্র অনুসন্ধান করতে গিয়ে, একাত্তর টিভির ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এমন মন্তব্য সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির পক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ার কথা।
অন্যদিকে, প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে, গত ১৩ সেপ্টেম্বর একাত্তর টিভির ফেসবুক পেজে ‘ভারতের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়। সে ফটোকার্ড এবং আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ছবি হুবহু মিল পাওয়া যায়। ফলে স্পষ্টত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ, ‘আমেরিকা না চাইলে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন সম্ভব না’ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এমন কোনো মন্তব্য করেননি। সংবাদমাধ্যম একাত্তর টিভির ফটোকার্ড নকল করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হয়েছে।

