logo

পুলিশ হত্যার বিচার নিয়ে ইশরাকের নামে স্যাটায়ারকে ফ্যাক্ট বানিয়ে প্রচার

পুলিশ হত্যার বিচার নিয়ে ইশরাকের নামে স্যাটায়ারকে ফ্যাক্ট বানিয়ে প্রচার

‘গণভোট নিয়ে মাতামাতি করলে আমরা পুলিশ হত্যার বিচারের পথে যাব।’ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমন কথা বলেছেন দাবি করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ‘ভয়েজ বাংলা’ এবং ‘ভয়েজ বাংলা নিউজ’ নামে দুটি ফেসবুক পেজ থেকে দাবিটি সর্বপ্রথম এবং একই সময়ে পোস্ট করা হয়। এতে নিচের দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ছবি ব্যবহার করে উপরের অংশে দাবিটি বসানো হয়েছে। উভয় ছবিতেই সূত্র হিসেবে ‘ফেসবুক পোস্ট’ লেখা থাকতে দেখা যায়। 

সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ভয়েজ বাংলা নিউজ নামের পেজটির উল্লিখিত পোস্টে ৮০ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ১০ হাজারের বেশি মন্তব্য পড়েছে। সেখানে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দেখিয়েছেন বেশিরভাগ নেটিজেন। এছাড়াও পোস্টটি দেড় হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে। অন্যদিকে ‘ভয়েজ বাংলা’ নামে অপর পেজটিতে করা পোস্টে ৩৮ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। এতে ১০ হাজারের কাছাকাছি মন্তব্য এবং হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে। 

তবে এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের কোনো সংবাদমাধ্যমে এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। ইশরাক হোসেনের ভ্যারিফায়েড ফেসবুক প্রোফাইলে সার্চ করেও এ ধরনের কোনো পোস্ট পাওয়া যায়নি। তবে এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চে গুজব ভিশন নামে একটি ব্যঙ্গাত্মক পেজে এ সম্পর্কিত একটি পোস্ট পাওয়া যায়। তবে এতে কোনো ধরনের সূত্র উল্লেখ করা হয়নি এবং তারিখ হিসেবে ‘৩৬ জুলাই’ লেখা থাকতে দেখা গেছে।

অর্থাৎ, ‘গণভোট নিয়ে মাতামাতি করলে আমরা পুলিশ হত্যার বিচারের পথে যাব।’ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ফেসবুক পোস্টে এমন কথা বলেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ড বা পোস্টগুলো ভুয়া। এ ধরনের কোনো মন্তব্য করেননি তিনি। মূলত, গুজব ‍ভিশন নামে একটি স্যাটায়ার পেজের পোস্টকে ফ্যাক্ট হিসেবে তার নামে প্রচার করা হয়েছে।