খামেনি সাবমেরিনে আত্মগোপনে আছেন দাবিতে ভুয়া খবর প্রচার

‘ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি মারা যাননি, সমুদ্রে সাবমেরিনে আত্মগোপনে আছেন।’ রাশিয়ার গোয়েন্দা সংস্থা এমন তথ্য দিয়েছে দাবি করে বেশ কয়েকটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি পেজ থেকে দাবিটি পোস্ট করা হয়েছে। এর মধ্যে কাইয়ুম শেখ নামে একটি পেজ থেকে দাবিটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। প্রচারিত দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনদের অনেকে। পোস্টগুলোতে আসা মন্তব্যগুলোতে বেশিরভাগ ব্যবহারকারী দাবিটি বিশ্বাস করে আলহামদুলিল্লাহ লিখতে দেখা গেছে।
তবে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে, ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া কিংবা কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, গত মাসের ২৮ ফেব্রুয়ারি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে ইরানি সূত্রে ইসরায়েল-আমেরিকার হামলায় তার মৃত্যুর খবর নিশ্চিত করে। এরপর চলতি মাসের শুরুর দিকে তুর্কি সংবাদ সংস্থা আনদোলু এক সংবাদে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শোক জানানোর খবর জানায়।
অন্যদিকে, ফেসবুকে বাংলাভাষায় প্রচারিত ফটোকার্ডগুলোতে শুধু আয়াতুল্লাহ খামেনির ছবি এবং বেনামী সূত্রে রাশিয়ার গোয়েন্দা সংস্থার কথা বলা হয়েছে। রাশিয়ায় অভ্যন্তরীণ, আন্তর্জাতিক এবং সামরিক বিষয়াদি নিয়ে কাজ করা একাধিক গোয়েন্দা সংস্থা রয়েছে। যদিও প্রচারিত দাবিগুলোতে বিষয়টি পরিষ্কার করা হয়নি।
অর্থাৎ, ‘ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি মারা যাননি, সমুদ্রে সাবমেরিনে আত্মগোপনে আছেন।’ রাশিয়ার গোয়েন্দা সংস্থা এমন তথ্য দিয়েছে দাবি করে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। ইরানি রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং রাশিয়া রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।