logo

আ.লীগের সঙ্গে হাত মিলিয়ে বিএনপির পতনের ঘোষণা দেননি আসিফ মাহমুদ

আ.লীগের সঙ্গে হাত মিলিয়ে বিএনপির পতনের ঘোষণা দেননি আসিফ মাহমুদ

‘আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে হলেও আগামী ৩ মাসের মধ্যেই বিএনপির পতন নিশ্চিত করব, ইনশাআল্লাহ’—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এমন মন্তব্য করেছেন দাবি করে একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডটিতে আসিফ মাহমুদের ছবির সঙ্গে উল্লিখিত দাবিটি ব্যবহার করে একাধিক ছবি পোস্ট করতে দেখা গেছে। এতে তারিখ হিসেবে ১৩ ফেব্রুয়ারি এবং কোনোটিতে ১৫ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ফটোকার্ডটি শেয়ার করা হয়েছে। যেমন ‘সায়মা ওয়াজেদ পুতুল’ নামে পরিচালিত একটি গ্রুপে পোস্ট করা ফটোকার্ডটিতে অন্তত ২ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। এছাড়াও পোস্টটিতে সাড়ে ৭ শতাধিক মন্তব্য পড়তে দেখা গেছে, সেখানে নেটিজেনদের অনেকেই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দিয়েছেন।

তবে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে মূলধারার সংবাদমাধ্যমগুলোতে তার এ ধরনের বক্তব্য সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও আসিফ মাহমুদ ও এনসিপির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ও চ্যানেলগুলোতেও এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, ‘আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে হলেও আগামী ৩ মাসের মধ্যেই বিএনপির পতন নিশ্চিত করব, ইনশাআল্লাহ’—এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এমন মন্তব্য করেছেন দাবি করে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। এ ধরনের কোনো বক্তব্য দেননি তিনি।