সার্কাসের ভিডিও প্রচার হচ্ছে নাটোরে ছাত্রলীগ কর্মীকে গাছে ঝুলিয়ে হত্যার দাবিতে

‘নাটোর জেলা ছাত্রলীগ কর্মীকে গাছে ঝুলিয়ে হত্যা করেছে জামাত শিবিরের কর্মীরা। মনে রেখো বাংলাদেশ জামাত-বিএনপি কর্তৃক প্রতিটি হত্যার বিচার একদিন জাতি করবে।’ এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। পোস্ট গুলোতে দাবি করা হচ্ছে ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি নাটোর জেলা ছাত্রলীগের কর্মী এবং তাকে জামায়াত-শিবিরের কর্মীরা হত্যা করেছে। তবে এশিয়া পোস্টের অনুসন্ধানে দাবিটির সত্যতা পাওয়া যায়নি এবং প্রচারিত ভিডিওটি মৃত্যু সংশ্লিষ্ট কোনো ঘটনার নয়।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দেখা গেছে, এ ধরনের বেশির ভাগ পোস্টেই একই ভিডিও রেজুলেশন কমিয়ে অনেকটা ঝাপসা করে প্রচার করা হচ্ছে। ফেসবুকে ‘জয় জয় বাংলার নামে একটি প্রোফাইল থেকে এমন একটি পোস্টে ২ হাজারের বেশি প্রতিক্রিয়া আসতে দেখা গেছে। এছাড়াও পোস্টটিতে শতাধিক মন্তব্যের পাশাপাশি অন্তত চার শতাধিক বার শেয়ার হতে দেখা গেছে।
এতে জামায়াত-শিবিরের কর্মীরা নাটোর জেলা ছাত্রলীগ কর্মীকে গাছে ঝুলিয়ে হত্যা করেছে দাবি করে ১১ সেকেন্ডের একটি ভিডিও এতে সংযুক্ত করা হয়েছে। ভিডিওটিতে কিছুটা ধূসর রঙের একটি ভবনের সামনে গাছে একজনকে ঝুলন্ত অবস্থায় দোল খেতে দেখা যাচ্ছে। আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে ঘটনাস্থলে অনেক মানুষের উপস্থিতি দেখা যায় এবং সেখানে বড়ো আকারের কিছু ছাতা থাকতেও দেখা যায়।
তবে প্রচারিত ভিডিওটির একাধিক গুরুত্বপূর্ণ ফ্রেম ইনভিড টুলসের সহায়তায় রিভার্স ইমেজ সার্চ করলে, ‘NADIYA LIVE’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওটির দুটি ভার্সন পোস্ট করতে দেখা যায়। ইউটিউব শর্টস হিসেবে পোস্ট করা ভিডিওটি’র ক্যাপশনে উল্লেখ করা হয়েছে “সার্কাস খেলা”। ১৪ সেকেন্ডের ভিডিওটিতে অনেকটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে, ঝুলন্ত ব্যক্তির মাথার চুলের সঙ্গে দড়িটি বাঁধা রয়েছে।
অন্যদিকে, একই চ্যানেলে গত ৩০ আগস্ট পোস্ট করা আরও একটি ভিডিও পাওয়া যায়, এতেও ঘটনাটি সার্কাস খেলা উল্লেখ করে লিখা হয়েছে, ‘সার্কাস খেলা দেখুন কি ভয়ংকর’। ভিডিওটিতে দেখা যায়, ঘটনাটি ঘটছিলো চকশ্রীপুর এ এম উচ্চ বিদ্যালয় নামে একটি ভবনের সামনে। চ্যানেলটিতে পোস্ট করা ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বিদ্যালয়ের মাঠে মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের লোকজনের সমাগম হয়েছে। এবং ভিডিওটির ১১ সেকেন্ডের পর ঝুলন্ত ব্যক্তির সামনে একজনকে হাততালি দিতেও দেখা যায়। সার্চ করে জানা গেছে বিদ্যালয়টি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার চকশ্রীপুর গ্রামে অবস্থিত।
অর্থাৎ, ‘নাটোরে ছাত্রলীগ কর্মীকে গাছে ঝুলিয়ে হত্যা করেছে জামাত শিবিরের কর্মীরা’ দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত নওগাঁ জেলার একটি বিদ্যালয়ের মাঠে সার্কাস আয়োজনের। এছাড়াও ছাত্রলীগ কর্মীকে হত্যা করে ঝুলানো সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি।

