ছাত্রলীগ প্রমাণ করতে ছাত্রদল নেতা আবিদের পুরোনো ফেসবুক পোস্ট খণ্ডিতভাবে প্রচার

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদের কয়েক বছর আগের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবিগুলো নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন তিনি। এসব ছবির ভিত্তিতে করা পোস্টগুলোতে ‘ছাত্রলীগ’ ‘গুপ্ত’ ‘মুজিব সৈনিক’ ইত্যাদি দাবি ছড়ানো হচ্ছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে জানা যায়, পূর্ণাঙ্গ পোস্ট থেকে একটি বা দুটি ছবি আলাদা করে শেয়ার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
প্রচারিত পোস্টগুলোতে আবিদের পোস্টগুলো শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘আবিদ সাহেবও একসময় ছাত্রলীগ ছিল’, ‘বিএনপির ছাত্রদলের নেতা আবিদ হোসেন সাবেক ছাত্রলীগ নেতা তার ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল’, এবং ‘আবিদ তখন ছাত্রলীগ করলেও এখন সে পুরোদমে ছাত্রদল করে’। এ ছাড়াও ছবিগুলো শেয়ার করে শতাধিক পোস্ট করতে দেখা গেছে। পোস্টগুলোতে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে নেটিজেনদের অনেককে।
যাচাইয়ে দেখা যায়, এইচএম ইব্রাহিম নামে একটি প্রোফাইল থেকে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের একটি মিছিলের ছবি শেয়ার করা হয়েছে। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘আবিদ একজন কট্টর মুজিব সৈনিক, পোস্ট ভাইরাল হওয়ার কিছুক্ষণ পরেই ডিলিট করে দিয়েছেন তিনি।’ তবে পোস্টটির ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে, ‘কোটার সংস্কার চাই,করতে হবে’ ক্যাপশনে আবিদের পোস্ট পাওয়া যায়। ২০১৮ সালের ৯ এপ্রিল করা পোস্টটিতে ছবিটিসহ মোট ৬টি ছবি পোস্ট করা হয়।
২০১৮ সালের আলোচিত সে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থীরা ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নামে একটি ব্যানারে সংগঠিত হয়। সে আন্দোলনে অন্যতম একটি স্লোগান ছিল ‘বঙ্গবন্ধুর বাংলায় কোটাপ্রথার ঠাঁই নাই’। সে আন্দোলনের ব্যানারে-ফেস্টুনে শেখ মুজিবুর রহমান এবং পতিত স্বেরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করতেও দেখা যায় শিক্ষার্থীদের। সম্পর্কিত সংবাদ দেখুন এখানে।
অন্যদিকে, ছড়িয়ে পড়া ভিন্ন কিছু পোস্টে, বন্যকবলিত এলাকায় হেলিকপ্টারে পরিদর্শনের একটি ছবি প্রচার করা হচ্ছে। ছবিটি ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘মা কে নিয়ে সন্তানের আবেগ মুহূর্তের পোস্ট।’ তবে রিভার্স ইমেজ সার্চ করলে, ২০২২ সালের জুনে করা আবিদের আরেকটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনের ৪টি ছবি পোস্ট করা হয়েছে। এতে তিনি ক্যাপশনে লেখেন, ‘জনতার পাশে দাঁড়াতে হিম্মত লাগে, ভোট লাগে এবং বৈধতা লাগে। পর্থক্যটা এখানেই, খুঁজে নিন। জার্নি বাই বোট, ট্রেন, বাস বহুত পড়েছেন বুবু এবার আপনাদের ‘জার্নি বাই হেলিকপ্টার’ পড়িয়ে এলিট জাতি বানাবেন।’
এ বিষয়ে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান এশিয়া পোস্টকে জানান, ‘এই পোস্টগুলো সেসময় মকারি করে পোস্ট করেছিলাম। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে শেখ মুজিবের ছবি ছিল। জনসমাগম বুঝাতে ছবিটি পোস্ট করেছি। এখন একটা পক্ষ খণ্ডিতভাবে ছবিগুলো প্রচার করছে।’