তনু হত্যা মামলায় ৪ আসামি গ্রেপ্তার হয়েছে দাবিতে ফেসবুকে প্রচারণা

‘তারেক রহমানের নির্দেশে তনু হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ’ এমন ক্যাপশনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশকিছু ফটোকার্ড ছড়ানো হয়েছে। ফটোকার্ডগুলোতে দাবি করা হচ্ছে, ‘তনু হত্যা মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।’
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং সর্বশেষ একজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
প্রচারিত পোস্টগুলোতে তনুর একাধিক ছবি ব্যবহার করে দাবিটি মাঝে বসানো হয়েছে। এতে ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘তারেক রহমানের নির্দেশে তনু হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ’। ফেসবুকে বিএনপি জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট বেশকিছু গ্রুপে দাবিকৃত ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে। প্রচারিত দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতেও দেখা গেছে নেটিজেনদের কাউকে কাউকে। যেমন—জাইমা রহমান নামে একটি গ্রুপে মোশারফ হোসেন নামে একজন মন্তব্য করেছেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পরে তনু হত্যার বিচার হলেও তার আত্মায় শান্তি পাবে।’
তবে দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। এ সম্পর্কিত সার্চে বিভিন্ন সংবাদসূত্রে মাত্র একজন আটক হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ সম্পর্কিত এশিয়া পোস্টের প্রতিবেদন দেখুন এখানে। তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম কোনো গ্রেপ্তারের ঘটনা এটি। এরপর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আর কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
অর্থ্যাৎ, ‘তারেক রহমানের নির্দেশে,তনু হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ’ এমন দাবিতে ছড়ানো পোস্টগুলো ভুয়া। এ পর্যন্ত একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, চারজন নয়।