logo

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলায় সালাহউদ্দিনের বক্তব্য এক্সপাঞ্জ দাবিতে স্পিকারের সম্পাদিত বক্তব্য প্রচার

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলায় সালাহউদ্দিনের বক্তব্য এক্সপাঞ্জ দাবিতে স্পিকারের সম্পাদিত বক্তব্য প্রচার

‘আওয়ামী লীগকে সংসদে সন্ত্রাসী সংঘটন বলায় সালাহউদ্দিনের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার!’ এমন ক্যাপশনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়ানো হয়েছে। 

এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। অন্য এক সংসদ সদস্যের বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশনা দেওয়া বক্তব্য সম্পাদনা করে প্রচার করা হচ্ছে এতে। 

প্রচারিত ১ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সালাহউদ্দিন আহমেদ বলছেন, ‘এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের’। এরপরই স্পিকার বলেন, ‘মাননীয় মন্ত্রী নামের শেষে একটি বিশেষণ লাগিয়েছেন, সেটা এক্সপাঞ্জ করা হলো। তবে সংসদে আমরা আর তাকে অবমাননা করতে চাই না, পার্লামেন্টে রীতি-রেওয়াজ আছে, যেটা আমরা ভঙ্গ করতে চাই না।’ এরপরই একজন উপস্থাপিকা বলেন, এবার সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন বলায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার। 

প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এতে সালাহউদ্দিন আহমদ বলেন, মাননীয় স্পিকার এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ-সংক্রান্ত  অ্যামেন্ডমেন্ট, আগের যে আইন ছিল সন্ত্রাসবিরোধী আইন সেটা অ্যামেন্ডমেন্টের জন্য। মাননীয় বিরোধীদলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা উনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে একটা আন্দোলন করেছিলেন। সে আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে এবং একর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল ৪৭ অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টটাও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। 

সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাসসংক্রান্ত সংবাদগুলো যাচাই করে উল্লিখিত সময়ে (৮ এপ্রিল,২০২৬) সালাহউদ্দিন আহমেদের বক্তব্য এক্সপাঞ্জ-সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি। অন্যদিকে পরদিন (৯ এপ্রিল) প্রকাশিত একাত্তর টিভির সংবাদে সংসদে সাবেক বিচারপতি মানিককে চোর বলায়, আখতারের বক্তব্য এক্সপাঞ্জ-সংক্রান্ত খবর পাওয়া যায়। 

এতে দেখা যায়, ভোটাভুটি শেষে বিল পাস হওয়ার পর, স্পিকার বলেন, ‘এই বিলের আলোচনার সময় মাননীয় সদস্য আখতারুজ্জামান একজন বিচারপতি মানিক সম্পর্কে তার নামের শেষে একটা বিশ্লেষণ লাগিয়েছেন সেটা এক্সপাঞ্জ করা হলো। এই বিচারপতিকে অবশ্য সীমান্ত এলাকায় কলাপাতার ওপরে শোয়া অবস্থায় তার ছবি প্রকাশিত হয়েছিল। তবে সংসদে আর তাকে আমরা অবমাননা করতে চাই না।’

অর্থ্যাৎ, প্রচারিত ভিডিওটিতে সংসদে আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংঘটন’ বলায় সালাহউদ্দিনের বক্তব্য স্পিকার এক্সপাঞ্জ করেছেন দাবিটি মিথ্যা। এতে মূলত সাবেক বিচারপতি মানিককে চোর বলায় এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের বক্তব্য এক্সপাঞ্জ করে স্পিকারের দেওয়া বক্তব্য সম্পাদনা করে সালাহউদ্দিন আহমেদের ক্ষেত্রে প্রচার করা হচ্ছে।