logo

এআই দিয়ে তৈরি ছবিতে প্রচার হচ্ছে মাশরাফি গ্রেপ্তার, ঘটনাটি ভুয়া

এআই দিয়ে তৈরি ছবিতে প্রচার হচ্ছে মাশরাফি গ্রেপ্তার, ঘটনাটি ভুয়া
এআই তৈরি ছবিতে প্রচার হচ্ছে মাশরাফি গ্রেপ্তার হওয়ার ভুয়া দাবি। ছবি : সংগৃহীত

‘এইমাত্র পাওয়া খবর গ্রেফতার হলেন মাশরাফি বিন মুর্তজা কারণ সে আওয়ামী’ এ ধরনের ক্যাপশনে একটি সংবাদ ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হচ্ছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দেখা গেছে দাবিটি সঠিক নয়। এআই এর সহায়তায় তৈরি ছবি ব্যবহার করে দাবিটি ছড়ানো হচ্ছে।

প্রচারিত ফটোকার্ডটিতে দেখা যায়, সংবাদমাধ্যম যমুন টিভির সংবাদ ফটোকার্ড ধরন নকল করে এটি তৈরি করা হয়েছে। ফটোকার্ডটির ওপরের অংশে হাতকড়া পরানো অবস্থায় দুইজন পুলিশ সদস্য মাশরাফিকে ধরে রেখেছে এমন একটি ছবি বসানো হয়েছে। তার ছবির পেছনে ‘ঢাকা কেন্দ্রায় কারাগার ও সংলগ্ন থানা প্রশাসন ও নিরাপত্তা কেন্দ্র’ নামে একটি স্থাপনা রয়েছে। এর নিচেই শিরোনামে দাবি করা হচ্ছে, ‘গ্রেফতার হলেন এমপি মাশরাফি বিন মুর্তজা’। এর নিচেই যমুনা টিভির লোগো এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের ঠিকানা বসানো হয়েছে।

তবে হাইভমডারেশন এবং ডিকোপি এআইসহ একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করে প্রচারিত ছবিটির ৯৯ শতাংশের বেশিই এআইয়ের সহায়তায় তৈরি বলে জানা গেছে।

অন্যদিকে, প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমে মাশরাফির গ্রেপ্তার সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়াও যমুনা টিভির অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য সামাজিকমাধ্যম চ্যানেলগুলোতেও এ ধরনের কোনো সংবাদ কিংবা ফটোকার্ড পাওয়া যায়নি।

অর্থ্যাৎ, মাশরাফি বিন মর্তুজার গ্রেপ্তার হওয়ার দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া, যমুনা টিভি এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রচারিত দাবিটিও মিথ্যা, মাশরাফি গ্রেপ্তার হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।