গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীকে বিএনপি নেতা বলে প্রচার

‘ভোলার লালমোহনে ৩ কেজি গাঁজাসহ বিএনপি নেতা গ্রেপ্তার’ দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত পোস্ট দেখুুন এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, বাংলাদেশ লাইভ নামে একটি ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয়েছে। নাম ব্যবহার না করে স্থানীয় সূত্রের বরাতে পোস্টটির ক্যাপশনে আটক ব্যক্তি পূর্বে আওয়ামী লীগ থেকে বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানানো হয়েছে।
সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৫ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি অন্তত দেড় হাজার বার শেয়ার করা হয়েছে। এছাড়াও পোস্টটিতে ৪শর কাছাকাছি মন্তব্য পড়েছে, যেখানে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দেখিয়েছেন বেশিরভাগ নেটিজেন। যেমন—ফাইজা জান্নাত নামে একজন লিখেছেন, “কেন এখানে সমঝোতা করে নিল না কেন, সমঝোতা করে নিলে তো এখানে আর গাঁজা নিয়ে বিএনপির বদনাম হতো না।”
তবে ফটোকার্ডটির শুধু ছবি অংশটি ফোকাস করে সার্চ করলে ভোলা জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায়। এতে তার নাম লোকমান হাওলাদার বলে উল্লেখ করা হয়। তবে ভোলার স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে তার নাম ইউনুস হাওলাদার হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রচারিত উভয় ছবিতে দায়িত্বরত পুলিশসহ একই ব্যক্তিকে দেখা যায়।
এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে দাবিটি প্রমাণিত হয় এমন কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
অর্থাৎ, ‘ভোলার লালমোহনে ৩ কেজি গাঁজাসহ বিএনপি নেতা গ্রেপ্তার’ দাবিতে প্রচারিত ফটোকার্ডটি মিথ্যা। মূলত পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ীর ছবি ব্যবহার করে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়াও প্রচারিত পোস্টগুলোতে বিএনপি নেতা বলে দাবি করা হলেও বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ দেওয়া হয়নি।