Advertisement

বিদ্যুৎ বিল নিয়ে রুহুল কবির রিজভীর নামে ছড়ানো বক্তব্যটি ভুয়া

এশিয়া পোস্ট ডেস্ক
বিদ্যুৎ বিল নিয়ে রুহুল কবির রিজভীর নামে ছড়ানো বক্তব্যটি ভুয়া
বিদ্যুৎ বিল নিয়ে রুহুল কবির রিজভীর নামে ছড়ানো বক্তব্যটি ভুয়া। ছবি : ফেসবুক

‘আওয়ামী লীগ আমলে অনেকে টাকা না দিয়েই ১৭ বছর বিদ্যুৎ সেবা ব্যবহার করেছে, শুধুমাত্র তাদেরই বিদ্যুৎ বিল ২/৩ গুণ বেশি আসছে।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। তবে এশিয়া পোস্ট যাচাই করে তার এমন মন্তব্যের সত্যতা পায়নি।

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, বাংলাদেশ শিক্ষা বোর্ড নামে একটি গ্রুপে ফটোকার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ৫ ঘণ্টায় পোস্টটিতে ১০ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি দেড় হাজারের বেশি মন্তব্য পড়েছে। মন্তব্যগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, নেটিজেনদের বেশির ভাগই তিনি এমন মন্তব্য করেছেন বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন সেখানে। যেমন- নুসরাত ইসলাম নামে একজন সেখানে মন্তব্য করেছেন, ‘আমরা তো সারাজীবন বিল দিলাম তাইলে ফ্রি কখন চালাইলাম।’

তবে রুহুল কবির রিজভীর বক্তব্য দাবিতে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সার্চ করেও তার এমন বক্তব্য সম্পর্কিত ভিডিও বা অন্যান্য বিশ্বাসযোগ্য কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

অর্থাৎ,‘আওয়ামী লীগ আমলে অনেকে টাকা না দিয়েই ১৭ বছর বিদ্যুৎ সেবা ব্যবহার করেছে, শুধুমাত্র তাদেরই বিদ্যুৎ বিল ২/৩ গুণ বেশি আসছে।’ এ ধরনের মন্তব্য করেননি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিষয় :asiapost