logo

তারেক রহমানকে আজহারির ফুলেল শুভেচ্ছা দাবিতে প্রচারিত ছবিটি এআই 

তারেক রহমানকে আজহারির ফুলেল শুভেচ্ছা দাবিতে প্রচারিত ছবিটি এআই 

‘তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন আজহারি’—এমন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

তবে যাচাইয়ে দেখা গেছে ঘটনাটি সত্য নয়। প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তৈরি। 

প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ‘এমএআর রিফাত’ নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে ছবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ২০ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। আড়াই হাজারের বেশিবার শেয়ারের পাশাপাশি ৬ শতাধিক মন্তব্য পড়েছে। এছাড়াও বিএনপি সংশ্লিষ্ট বিভিন্ন প্রোফাইল ও গ্রুপে ছবিটি অসংখ্যবার শেয়ার করতেও দেখা গেছে। ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ছবিটি বিশ্বাস করে মন্তব্য করেছেন শত শত নেটিজেন। 

তবে একাধিক এআই কন্টেন্ট শনাক্তকর‌ণ সাইটে ছবিটি আপলোড করে দেখা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি। এর মধ্যে হাইভমডারেশনে আপলোড করে ছবিটির ৯৯ শতাংশ এআই বলে জানা গেছে। এছাড়াও আনডিটেক্টেবল এআই নামে অন্য একটি সাইটে ছবিটিতে ৩ শতাংশ বাস্তব এবং ৯৭ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি বলে চিহ্নিত করেছে। 

অন্যদিকে, এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যমগুলোতে দাবিটির পক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে মাওলানা মিজানুর রহমান আজহারি, তারেক রহমান এবং বিএনপির অফিসিয়াল চ্যানেলগুলোতে অনুসন্ধান করে এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।