logo

যেভাবে মব-সন্ত্রাস হচ্ছে শেখ হাসিনাই ভালো ছিল—এমন বক্তব্য দেননি রুমিন ফারহানা

যেভাবে মব-সন্ত্রাস হচ্ছে শেখ হাসিনাই ভালো ছিল—এমন বক্তব্য দেননি রুমিন ফারহানা

‘যেভাবে মব-সন্ত্রাস হচ্ছে এখন বলতে বাধ্য হচ্ছি শেখ হাসিনাই ভালো ছিল।’ সাবেক বিএনপি নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এমন বক্তব্য দিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদের আদলে কিছু ফটোকার্ড ছড়ানো হয়েছে। 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ‘দৈনিক প্রভাতকণ্ঠ’ নামে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি পেজ থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। সংবাদমাধ্যমের ফটোকার্ড ধরন নকল করে এটি তৈরি করা হয়েছে। ছবিটিতে রুমিন ফারহানার ছবি ব্যবহার করে এর নিচেই তার বক্তব্য দাবি করে লেখা হয়েছে, ‘যেভাবে মব-সন্ত্রাস হচ্ছে এখন বলতে বাধ্য হচ্ছি শেখ হাসিনাই ভালো ছিল।’ ফটোকার্ডটির উপরের অংশে একাধিক লোগো এবং নিচের দিকে আরেকটি লোগোসহ রুমিন ফারহানার পরিচয় এবং তারিখ হিসেবে ৯ মার্চ ২০২৬ লেখা হয়েছে। 

অন্যদিকে, পরদিন সকালে দাবিটি হুবহু নকল করে আরেকটি ফটোকার্ড পোস্ট করে দৈনিক আমাদের খবর নামে ভিন্ন একটি পেজ। এ পেজ থেকে দাবিটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৫ হাজার ৪ শতাধিক প্রতিক্রিয়ার পাশাপাশি ২ শতাধিক মন্তব্য পড়তে দেখা গেছে। এছাড়াও দাবিটি বিশ্বাস করে অন্তত সাড়ে ৩ শতাধিকবার শেয়ার হতে দেখা গেছে। এছাড়াও একই দাবিতে আরও কিছু ফটোকার্ড আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে। 

তবে এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও রুমিন ফারহানার ফেসবুক প্রোফাইল এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্চ করে এ সম্পর্কিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

অর্থাৎ, ‘যেভাবে মব-সন্ত্রাস হচ্ছে এখন বলতে বাধ্য হচ্ছি শেখ হাসিনাই ভালো ছিল।’ দাবিতে সাবেক বিএনপি নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। এ ধরনের কোনো বক্তব্য দেননি তিনি।