শায়খ আহমাদুল্লাহ ধর্মমন্ত্রী হয়েছেন দাবি করে ভুয়া ফটোকার্ড প্রচার

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশ সরকারের নতুন ধর্মমন্ত্রী হয়েছেন দাবি করে বেসরকারি যমুনা টেলিভিশনের নামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ছবিটি তৈরি করা হয়েছে।
ছড়িয়ে পড়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, শাহাইল ব্লগ১ নামে একটি ফেসবুক পেজ থেকে ছবিটি প্রথম পোস্ট করা হয়েছে। এতে সরকারি দাপ্তরিক পরিবেশে শায়খ আহমাদুল্লাহ বসে আছেন এমন একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে তার পেছনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা লোগো এবং বাংলাদেশের জাতীয় পতাকা থাকতে দেখা যায়। এবং টেবিলে তার সামনে, শেখ আহমাদুল্লাহ, ধর্মমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামাঙ্কিত একটি লেখা থাকতে দেখা যায়। এছাড়াও যমুনা টেলিভিশনের সংবাদ ফটোকার্ডের আদলে নিচের দিকে যমুনা টিভির লোগো এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ঠিকানা ব্যবহার করা হয়েছে।
তবে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে যমুনা টিভিসহ দেশের সংবাদমাধ্যমগুলোতে দাবিটি প্রমাণিত হয় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে দেশে জাকাত ব্যবস্থাপনা বিষয়ে আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শ সম্পর্কিত বেশকিছু সংবাদ পাওয়া যায়। এতে প্রধানমন্ত্রীর পাশাপাশি ধর্মমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব এবং শায়খ আহমাদুল্লাহর অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ধর্মমন্ত্রী পরিবর্তন সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।
তবে প্রচারিত ছবিটি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কন্টেন্ট শনাক্তকারী সাইটে আপলোড করে ছবিটির কিছু অংশ গুগল এআই (Google AI) দ্বারা তৈরি বা এডিট করা হয়েছে বলে জানা গেছে। সিন্থআইডির মাধ্যমে বিশ্লেষণ করে দেখা গেছে যে, ছবিটির সবটুকু না হলেও কিছু উপাদানে কৃত্রিম বুদ্ধিমত্তার ছাপ রয়েছে। এ ধরনের ছবিগুলো সাধারণত বাস্তব ছবির ওপর এআই ব্যবহার করে পরিবর্তন এনে তৈরি করা হয়। এছাড়াও প্রচারিত ফটোকার্ডটির কোনার দিকে জেমিনি এআইর লোগো স্পষ্ট দেখা যায়।
সুতরাং, শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশ সরকারের নতুন ধর্মমন্ত্রী হয়েছেন দাবি করে বেসরকারি যমুনা টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে। যমুন টিভি এ ধরনের কোনো ফটোকার্ড পোস্ট করেনি। এছাড়াও নতুন সরকারের ধর্মমন্ত্রী পরিবর্তন সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।