সাভারে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতন দাবিতে প্রচার হচ্ছে মাদারীপুরে পারিবারিক কলহের ভিডিও

‘সাভারে জেলা ছাত্রলীগের সহ সভাপতি আমিনুর বাদশার মাকে নির্মম নির্যাতননের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই মনে রেখো বাংলাদেশ।’ এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং পারিবারিক বিরোধে সংঘর্ষের ঘটনাকে রাজনৈতিক প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে।
প্রচারিত ভিডিওটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে জাতীয় ও মাদারীপুর জেলা থেকে প্রকাশিত একাধিক সংবাদমাধ্যমে এই ঘটনার বিস্তারিত পাওয়া যায়। ‘মাদারীপুর সমাচার’ নামে স্থানীয় একটি মাল্টিমিডিয়া সংবাদ পেজে গত ২৩ আগস্ট ৩৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। উল্লিখিত ভিডিওটির সঙ্গে ‘সাভার জেলা ছাত্রলীগের সহ-সভাপতির মাকে নির্যাতন’ দাবি করা ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।
মাদারীপুর সমাচার সহ একাধিক জাতীয় সংবাদমাধ্যমে ঘটনাটি ‘মাদারীপুর আদালত প্রাঙ্গণে বউ ও শাশুড়ীর উপর জামাইয়ের হামলা’র ঘটনা হিসেবে ক্যাপশনে বর্ণনা করা হয়েছে। এছাড়াও এ ঘটনার বিষয়ে আরও কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
অর্থাৎ,‘সাভারে জেলা ছাত্রলীগের সহ সভাপতি আমিনুর বাদশার মাকে নির্মম নির্যাতন’ দাবিতে প্রচারিত ভিডিওটি মাদারীপুরে পারিবারিক বিরোধে জামাই এবং শাশুড়ীর মধ্যে মারামারির ঘটনার। আদালতে উভয় পরিবারের মারামারি ঘটনাকে ছাত্রলীগ নেতার মাকে নির্যাতনের ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে।