logo
Advertisement

‘জমি দখলে বাঁধা দেয়ায় নারীর উপর বিএনপি নেতার হামলা’ দাবিতে প্রচার হচ্ছে ভিন্ন দেশের ভিডিও

এশিয়া পোস্ট ডেস্ক
‘জমি দখলে বাঁধা দেয়ায় নারীর উপর বিএনপি নেতার হামলা’ দাবিতে প্রচার হচ্ছে ভিন্ন দেশের ভিডিও
‘জমি দখলে বাঁধা দেয়ায় নারীর উপর বিএনপি নেতার হামলা’ দাবিতে প্রচার হচ্ছে ভিন্ন দেশের ভিডিও। ছবি : ফেসবুক পোস্ট

‘জমি দখলে বাঁধা দেয়ায় নারীর উপর বিএনপি নেতার মর্মান্তিক হামলা।’ এমন ক্যাপশনে একজন ব্যক্তির একাধিক নারীকে মারধরের একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে। তবে এশিয়া পোস্ট যাচাই করে জানতে পেরেছে ভিডিওর ঘটনাটি বাংলাদেশেরই নয়, বরং ভারতের ঘটনার ভিডিও পোস্ট করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

Advertisement

ছড়িয়ে পড়া ভিডিওটির একাধিক গুরুত্বপূর্ণ কি-ফ্রেম রিভার্স সার্চ করে এই ঘটনার উপরে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি গত ২৮ মার্চ ২০২৬ তারিখে প্রকাশ করা হয়। প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে শিবাজিনগর জেল রোড, নাসিক এলাকায়। স্থানটি জিওলোকেট করে ঘটনাটি ভারতের মহারাষ্ট্র প্রদেশের নাসিক নামক এলাকায় ঘটেছে তা নিশ্চিত হওয়া গেছে।

অন্যদিকে ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, মারধরের শিকার নারীরা পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরির জন্য অভিযুক্ত ব্যক্তিকে টাকা দিয়েছিলেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী তাদের চাকরি হয়নি। পরবর্তীতে ঘটনার সাথে জড়িত ব্যক্তির কাছে গিয়ে টাকা ফেরত চাইতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনায় ভুক্তভোগী নারীরা স্থানীয় নাসিক রোড পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। এবং পুলিশ এটা নিয়ে কাজ করছে।

এ ছাড়াও ঘটনাটির বিষয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রভাবশালী ইংরেজি দৈনিক The Sentinel-এর ডিজিটাল সংবাদ বিভাগ ‘দ্য সেন্টিয়েল ডিজিটাল’ এ একটি ভিডিও প্রতিবেদন পাওয়া গেছে। এতে জানানো হয়েছে, ‘নাসিকের শিবাজিনগর এলাকায় ৩২ বছর বয়সী এক মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়েছে এবং পরে টাকা ফেরত চাইলে তাঁকে নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।’

রিভার্স ইমেজ সার্চ করে, সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে (বর্তমানে এক্স) ‘শিবা ঠাকুর’ নামে একটি হ্যান্ডেল থেকে ভিডিওটি গত ২৭ মার্চ পোস্ট করতে দেখা গেছে। এতেও ঘটনাস্থল হিসেবে শিবাজিনগর নাসিকের কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ভিডিও পর্যবেক্ষণ করেও তাদের কথাবার্তা বা ভাষা বাংলা ভাষার সাথে মিল পাওয়া যায়নি।

অর্থাৎ, “জমি দখলে বাঁধা দেয়ায় নারীর উপরে বিএনপি নেতার নির্যাতন’ দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। বরং ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক এলাকার চাকরি প্রত্যাশী নারীকে নির্যাতনের ঘটনা বাংলাদেশে বিএনপি নেতার নির্যাতন দাবিতে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

বিষয় :